গণতন্ত্র এখন ক্যান্টনমেন্টে বন্দি, স্বৈরাচারি হায়েনাদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে: হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই। গণতন্ত্র এখন বন্দি ক্যান্টনমেন্টের মইনুল হোসেন রোডে।
পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা একথা বলেন।
তিনি বলেন, এখন জনগণের হাতে কোনও ক্ষমতা নেই। উগ্র সশস্ত্র সাম্প্রদায়িক গোষ্ঠীর মদদদাতা বিএনপি জামাত জোট বোমা হামলা চালিয়ে, হত্যাকাণ্ড ঘটিয়ে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ক্ষমতার মসনদ পাকাপোক্ত করতে চায়। তারা দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তাই যতো আঘাত আসুক, অত্যাচার হোক, দেশ জাতি ও স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্তকারী এ হায়েনাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
আলোচনায় অংশ নেন বিশিষ্ট বুদ্ধিজীবী সরদার ফজলুল করিম, ওয়াহিদুল হক, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, প্রকৌশলী গোলাম মোস্তফা এবং অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক।
অধ্যাপক শামসুল হুদা হারুনের লিখিত প্রবন্ধ পড়ে শোনান আসাদুজ্জামান নূর এমপি। অপর প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী এএসএম খবীরুজ্জামান পিইঞ্জ।
শেখ হাসিনা ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলার জন্যে সরকারকে দায়ী করে বলেন, শুধু রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতেই তারা এ ঘটনা ঘটিয়েছে। যে গোয়েন্দাদের পেছনে জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, তারা কেউই জানতে পারলো না! আভাস দিতে পারলো না! এটি কিসের আলামত? আসলে কি আমরা স্বাধীন? দেশকে তারা কোথায় নিয়ে যাচ্ছে?
তিনি বলেন, সশস্ত্র সাম্প্রদায়িক শক্তির নেতৃত্বদানকারী জামাতের সন্ত্রাসীদের আজ ধরা হচ্ছে না কেন? তারাতো হাত পায়ের রগ কাটা থেকে শুরু করে মৌলবাদি সন্ত্রাসীদের অস্ত্রের প্রশিক্ষণ দেয়।
আওয়ামী লীগ প্রধান বলেন, আসল হোতাদের না ধরে যারা বিএনপি ও জামাত থেকে বেরিয়ে এসেছে তাদের অভিযুক্ত করে ধরা হচ্ছে।
একুশ আগস্টসহ বিভিন্ন গ্রেনেড ও বোমা হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোটের পায়ের তলায় মাটি নেই বলে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এসকল ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। ১৭ আগষ্ট সারাদেশে একযোগে বোমা হামলা চালিয়ে তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও ক্রসফায়ারে হত্যা করতে চেয়েছিলো। আর শেষ আঘাত করবে আমার ওপর-এমন পরিকল্পনাই ছিলো ওদের।
বিরোধী দলীয় নেতা বলেন, আওয়ামী লীগসহ ১৪ দল এক হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে ১৪ দলের প্রস্তাব মানুষ লুফে নিয়েছে। জনগণের আন্দোলন বাধাগ্রস্ত করে সবার দৃষ্টি অন্যত্র ফিরিয়ে নিতে সরকার পরিকল্পিতভাবে সারা দেশে বোমা হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা এ দেশকে ধ্বংস হতে দিতে পারি না। জোট দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। দেশকে নব্য স্বৈরাচার হায়েনাদের হাত থেকে রক্ষা করার শপথ নিতে হবে।
