১৭ আগস্টের বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে চার ইসলামি জঙ্গী
দেশব্যাপী ১৭ আগস্টের বোমা হামলার পর গ্রেফতারকৃত চার ইসলামি জঙ্গী বুধবার জয়েন্ট ইন্টারোগেশন সেলের জিজ্ঞাসাবাদে বোমা হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এক প্রেস ব্রিফিংয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (রাজনীতি) ও মুখপাত্র মোহাম্মদ মোহসিন বলেন, জঙ্গীরা তাদের কাছে বোমা সরবরাহ করেছে এবং বিভিন্ন ধরনের কারিগরি সহযোগিতা দিয়েছে এমন কিছু ব্যক্তির নামও প্রকাশ করেছে। তবে তিনি ওই জঙ্গীদের নাম প্রকাশ করেননি।
মোহাম্মদ মোহসিন বলেন, অপরাধ স্বীকারকারী ওই জঙ্গীদের দুইজনকে কুষ্টিয়া এবং অপর দুইজনকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, তারা ধারাবাহিক ওই বিস্ফোরণের ঘটনার ব্যাপারেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
আইন প্রয়োগকারী সংস্থাগুলো জঙ্গীদের দেওয়া তথ্য অনুযায়ী কিছু স্থানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং যারা বোমা সরবরাহ করেছে তাদের গ্রেফতারের ব্যাপারেও অতিরিক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
এদিকে গ্রেফতারকৃত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের ব্যাংক অ্যাকাউন্ট ও আয়ের উৎস সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ফরিদ উদ্দিন তার অর্থের উৎস সম্পর্কে মিথ্য তথ্য দিয়েছে।
মোহসিন বলেন, মাওলানা ফরিদের অর্থের উৎস ও অর্থের ব্যয়ের খাত সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
এ ঘটনার তদন্তের জন্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (এফবিআই) আমন্ত্রণ জানানো হবে কি না সরকার সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন বোমা বিশেষজ্ঞ ইতোমধ্যে ঢাকায় এসেছেন এবং তিনি তার নিজের মতো করে তদন্ত চালিয়ে যাচ্ছেন। সরকার তার কার্যক্রমের ওপর নজর রাখছে বলেও তিনি জানান।
অন্যদিকে গ্রেফতারকৃত আরও চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ঢাকার জয়েন্ট ইন্টারোগেশন সেলের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার পর্যন্ত জামা’আতুল মোজাহিদিনের মোট একশ’ ৫৪ জনকে জয়েন্ট ইন্টারোগেশন সেলের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের ২৯ জনকে এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান।
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত একশ’ ৫২ টি মামলা দায়ের করা হয়েছে।
