২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ আব্দুর রহমানের সাথে মাওলানা মাসউদের সম্পর্ক থাকতে পারে: মাওলানা মহিউদ্দিন খান

চার দলীয় জোটের শরীক ইসলামী ঐক্যজোটের অন্যতম শীর্ষ নেতা মাওলানা মহিউদ্দিন খান বিদেশ যাত্রার সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তারকৃত মাওলানা ফরিদউদ্দিন মাসউদের সাথে ১৭ আগস্টের বোমা হামলায় মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত শায়খ আব্দুর রহমানের সম্পর্ক থাকতে পারে বলে জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

গনী আদম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 08:37 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

বিডিনিউজের সাথে মঙ্গলবার এক একান্ত আলাপচারিতায় তিনি মাওলানা মাসউদকে আওয়ামী লীগের এজেন্ট এবং বুধবারের বোমা হামলাকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ’র-এর অর্থায়নে আওয়ামী লীগের ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন।

গত সোমবার মাওলানা মাসউদকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

এদিকে চারদলীয় জোটের অন্য একটি সূত্র জানায়, ইসলামী ঐক্যজোটের অপর এক অংশের সাংসদ মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম মাওলানা মাসউদ কর্তৃক প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান ইসলাহাতুল মুসলিমিনের অর্থের উৎসসহ অনেক গোপন কর্মকাণ্ডের নাড়ি-নক্ষত্র জানেন। এ ব্যাপারে মুফতি মোহাম্মদ শহীদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করলেও মাওলানা মাসউদের সাথে দীর্ঘদিনের পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্বীকার করেন।

মাওলানা মহিউদ্দিন খান তার নিজের দল জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে গ্রেপ্তারকৃত মাওলানা মাসউদ কখনো কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না বলে বিডিনিউজকে জানান। তবে তিনি অভিযোগ করেন যে, সম্প্রতি সুনামগঞ্জ-৩ উপনির্বাচনকে কেন্দ্র করে দলের ভেতর দ্বন্দ্ব সৃষ্টি হলে বিক্ষুব্ধ অংশটি মাওলানা মাসউদের প্ররোচনায় ও আর্থিক সহায়তায় সিলেটে পৃথক সম্মেলন করে।

মাওলানা মাসউদকে আশির দশক থেকে চিনেন বলে উল্লেখ করে তিনি বলেন, যদ্দূর মনে হয়, আব্দুর রহমানের সাথে মাসউদের ’কানেকশন’ আছে।

তিনি এ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশনে সামান্য অনুবাদকের চাকুরি থেকে পরে আওয়ামী লীগ আমলে পরিচালকে উন্নীত মাসউদকে আওয়ামী লীগের ‘নিজের লোক’ হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, মাসউদ আলেম-ওলামাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য আওয়ামী ষড়যন্ত্র বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে।

দেশ জুড়ে বোমা বিষ্ফোরণের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টিকে আওয়ামী লীগের কাজ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লোটার জন্য সুধা সদন থেকে এ ষড়যন্ত্র করা হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের এই নীল নকশায় প্রায় ছয় কোটির মতো টাকার প্রয়োজন পড়েছে। এই টাকা যোগান দিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’।

এদিকে চারদলীয় জোটের শীর্ষ পর্যায়ের একটি সূত্র জানায়, মাওলানা মাসউদ তার এনজিও’র নামে বিশেষতঃ দক্ষিণ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ বিদেশী অনুদান পেতেন। আর এ কাজে তার প্রধানতম সহযোগী নড়াইল-২ আসন থেকে নির্বাচিত ইসলামী ঐক্যজোটের অপর এক অংশের সাংসদ মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম।

মাওলানা মাসউদের সাথে শহীদুল ইসলামের ঘনিষ্ঠতা প্রসঙ্গে সূত্র মন্তব্য করে, তিনি এমনকি মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম নামে আসা ব্যাংক চেকগুলোর নাম্বারও হয়তো জানেন।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম মাওলানা মাসউদের কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তবে মাওলানা মাসউদকে অনেক দিন ধরে চেনার কথা অকপটেই স্বীকার করেন তিনি।