২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাযোগ্য মর্যাদায় ২১ আগষ্টের কর্মসূচি পালন করুন: দেশবাসীকে আব্দুল জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ২১ আগষ্ট গণহত্যার প্রথম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 10:23 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, গত বছরের ২১ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে আইভি রহমানসহ ২৪ জন আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা হয়।

তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এতোবড় ভয়াবহ ঘটনার এক বছর অতিবাহিত হলেও সরকার এখন পর্যন্ত জড়িতদের সনাক্ত করতে পারে নি। বরং বরাবরের মতো সুকৌশলে হামলাকারীদের রক্ষা করে চলেছে।

গণহত্যা স্মরণে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ২১ আগষ্ট সকাল ১১ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের আঙিনায় স্মৃতি ফলক উদ্বোধন করবেন।

বিকেল ৫ টা ২২ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হবে সন্ত্রাস বিরোধী মিছিল। বঙ্গবন্ধু এভিনিউতে এসে শপথ গ্রহণের মাধ্যমে তা শেষ হবে। এখানে আলোক প্রজ্বলন করা হবে।

দেশের সকল জেলা-উপজেলায়ও একই ধরণের কর্মসূচি পালিত হবে।