হঠাৎ বদলে গেলো টুঙ্গিপাড়ার চেহারা
বেলা সোয়া এগারোটা। হঠাৎ করেই বদলে গেলো শোকার্ত টুঙ্গিপাড়ার চেহারা। বছর জুড়ে প্রায় নিঝুম থাকা জাতির জনকের স্মৃতি বিজড়িত বাড়িতে বসে ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
দেশের বিভিন্ন স্থানে একের পর এক বোমা হামলার খবর পেয়ে উৎকণ্ঠিত হয়ে পড়লেন তিনি।
বোমা হামলার সংবাদে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে শংকিত, উৎকণ্ঠিত নিরাপত্তা কর্মীরা ‘এলার্ট’ হয়ে গেলেন। শুধু নিরাপত্তা কর্মী নয়, দলের নেতা-কর্মীরা মিলে মুহূর্তেই কর্ডন করে ফেললেন পুরো বাড়ি। একটা ভীতিকর অবস্থার সৃষ্টি হলো এলাকা জুড়ে।
দ্রুত জোরদার করা হলো নিরাপত্তা ব্যবস্থা। বাড়ির প্রবেশ পথে জন সাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হলো। সাংবাদিক ও দলের নেতা ছাড়া ভেতরে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রবেশ পথে শুরু হলো দেহ তল্লাশি।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো মিছিল করে বোমা হামলার প্রতিবাদ জানায়।
শেখ হাসিনা দলের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে বসে পরিস্থিতি সম্পর্কে অবহিত হচ্ছেন। ঢাকা ফেরার নির্ধরিত সময় ছিলো দুপুর ২টায়। উদ্ভূত পরিস্থিতিতে তা এগিয়ে নেওয়া হলো। নির্দিষ্ট সময়ের এক ঘন্টা আগেই ১টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হলেন তিনি। এর এক ঘন্টা আগেই পাঠানো হয়েছিলো ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর ‘অগ্রবর্তী দল’।
