বোমা হামলা প্রমাণ করেছে সরকারের বক্তব্য ভুল ছিলো : এফবিসিসিআই সভাপতি
এফবিসিসিআই সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশে উগ্রবাদী গোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই, সরকারের এই দাবি মিথ্যা প্রথম করেছে দেশব্যাপী একযোগে ব্যাপক বোমা বিস্ফোরণ।
“সরকার বলে আসছে যে দেশে মৌলবাদী গোষ্ঠীর কোনো অস্তিত্ব নেই। কিন্তু বুধবারের দেশব্যাপী বোমা বিস্ফারণ প্রমাণ করেছে তাদের দাবি সত্য নয়।” বোমা বিস্ফোরণ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বুধবার বিডিনিউজকে তিনি এ কথা বলেন।
দেশের প্রধান বাণিজ্যিক সংগঠনের নেতা বলেন, “উগ্রবাদী গোষ্ঠী কি পরিমাণ শক্তিশালী হয়ে উঠেছে, তা দেশব্যাপী একযোগে পরিকল্পিত ও ভয়াবহ বোমা হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।”
এফবিসিসিআই সভাপতি বলেন, ঘটনার জন্যে দায়ীদের বের করতে একটি ব্যাপক ভিত্তিক তদন্ত করতে হবে। একই সাথে তা জনগণের কাছে প্রকাশ করতে হবে। দায়ীদের বিচারের ব্যবস্থা করতে হবে।
মিন্টু প্রধান দু’দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরস্পরকে দোষারোপ করলে তা মৌলবাদীদেরই শক্তিশালী করবে।
তিনি মনে করেন, এই ধরনের মৌলবাদী কার্যকলাপ বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করবে। সার্বিক বিচারে তা দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি থামিয়ে দেবে।
