২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার প্রতিবাদে শনিবার সারাদেশে আ.লীগের সকাল সন্ধ্যা হরতাল

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ আগামী ২০ আগস্ট শনিবার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

ঢাকাসহ সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। বুধবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যলায়ে অনুষ্ঠিত দলের প্রেসিডিয়ামের জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বোমা হামলার জন্য বিএনপি জামাত জোটকে দায়ী করে সভা থেকে সরকারের পদত্যাগ দাবি করা হয়েছে।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বুধবারের বোমা হামলাকে নজীরবিহীন উল্লেখ করে এ ঘটনার ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সভার এক প্রস্তাবে বলা হয়, সরকারের প্রত্যক্ষ মদদ ও পরিকল্পনা ছাড়া সার্বক্ষণিক পুলিশী নিরাপত্তার আওতাধীন দেশের সর্বোচ্চ আদালতসহ সকল জেলা আদালত ও জেলা প্রশাসন এবং অন্যান্য স্পর্শকাতর স্থানে অফিস চলাকালে এ ধরণের বোমা হামলা হতে পারে না।

সভায় ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দেশ পরিচালনায় ব্যর্থ সরকার জনরোষ থেকে গা বাঁচাতে এবং যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকতে সাংবিধানিক-গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করার উদ্দেশ্যে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যেই এ ঘটনা ঘটিয়েছে।

অভূতপূর্ব ক্ষিপ্রতায় বোমা হামলার প্রায় সঙ্গে সঙ্গে ঢাকাসহ সারাদেশে বিএনপি জামাত জোটের আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল সমাবেশ করার ঘটনাই প্রমাণ করে যে, পূর্ব পরিকল্পনা মাফিক আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিলের আয়োজন রেখেই তারা এ হামলা চালায়।

সভায় বোমা হামলা এবং এর দায় আওয়ামী লীগের ওপর চাপানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।