বোমা হামলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের নিন্দা
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এবং ব্রিটিশ হাই কমিশন বুধবার সারা দেশে সিরিজ বোমা হামলা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।
মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়: আমরা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সাথে দেশজুড়ে বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বিবৃতিতে বলা হয় একের পর এক এ ধরনের হামলা দেশে সন্ত্রাসের রাজত্বকেই প্রমানিত করে। আমরা আশা করছি বাংলাদেশ সরকার এ ধরনের জঘন্য হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে সঠিক বিচারের মাধ্যমে সাজা দিতে পারবে।
ব্রিটিশ হাই কমিশনের একজন মূখপাত্র বিডিনিজকে বলেন, ঘটনার ব্যাপারে আমরা সজাগ রয়েছি এবং এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, আমার বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং কোন ব্রিটিশ নাগরিক এ ঘটনার শিকার হয়েছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
