২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমে উঠেছে ফরিদপুর উপ-নির্বাচনের প্রচার প্রচারণা

ফরিদপুর-১ আসনের উপনির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী শাহ মোহাম্মদ আবু জাফর এবং মুফতি মোহাম্মদ শরাফত হোসাইন সম্পর্কে চাচা-ভাতিজা হলেও গণসংযোগের কারণে উভয়ের নির্বাচনী প্রচারণা জমে ওঠেছে। দু’জনের বাড়িই একই উপজেলার একই গ্রামে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 10:34 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

চাচা শাহ মোহাম্মদ আবু জাফর বিএনপি‘র প্রার্থী আর ভাতিজা মুফতি শরাফত হোসাইন ইসলামী ঐক্যজোটের প্রার্থী।

শাহ জাফর বিএনপি’র মনোনয়ন পান অনেকটা নাটকীয়ভাবে। কাজী সিরাজ প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচন হয়ে যায় উত্তাপহীন। কিন্তু সবার ধারনা ভুল প্রমাণ করে মুফতি শরাফত অনমনীয় মনোভাব দেখিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী যুদ্ধে লড়াই করতে অটল থাকেন।

ইসলামী ঐক্যজোটের দু‘গ্রুপের নেতারা শরাফতকে সমর্থন দেন। ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ফজলুল হক আমিনী গ্রুপের ফরিদপুরের সভাপতি মাওলানা আকরাম হোসেন এবং অপর অংশের নেতা শায়খুল হাদীস আজিজুল হক গ্রুপের ফরিদপুরের সভাপতি মুফতি আব্দুল কাদির উভয়ই শরাফতের পক্ষে প্রচারনায় অংশ নিচ্ছেন।

মুফতি শরাফত বিডিনিউজকে বলেন, তিনি নির্বাচনে জয়লাভ করবেন।

তার হিসেব মতে, নির্বাচনী এলাকায় উল্লেখযোগ্য ইসলামী মনোভাবাপন্ন ভোট রয়েছে। এ আসনে ভোট দু’ভাগের। এক ভাগ আওয়ামী লীগের। অন্যভাগে রয়েছে আওয়ামী বিরোধী।

আওয়ামী লীগ বিরোধী ভোট হচ্ছে ইসলামী মনোভাবাপন্ন ভোট।

দীর্ঘদিন ধরে এখানকার ইসলামী মনোভাবাপন্ন ভোটাররা তাদের ধারার সমর্থনের কোন প্রার্থী না থাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রার্থী হয়, তাকেই ভোট দেয়।

তাছাড়া এ উপনির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা আর শাহ জাফরকে ভোট দিচ্ছে না।

অপরদিকে, বিএনপি প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফরও বিজয় নিশ্চিত করতে অবিরামভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপি‘র একটি ক্ষুদ্র অংশ এখনও তার সঙ্গে না আসলেও বেশির ভাগ নেতা কর্মীই এখন শাহ জাফরের জন্য ভোট প্রার্থনা করছেন।

এদিকে, উপ-নির্বাচনে ভোটারদের প্রতি ভোট না দেওয়ার আহবান জানিয়ে আগামি সাধারণ নির্বাচনকে সামনে রেখে জনমত সংগঠিত করার জন্য এলাকায় আওয়ামী লীগও প্রতিদিন সভা-সমাবেশ ও গণসংযোগ করছে।