২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নপত্রের জন্যে বিএনপি কার্যালয়ে নারী নেত্রীদের ভিড়

সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহের জন্যে বিপুল সংখ্যক নারী নেত্রী এবং তাদের সমর্থকরা রোববার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সমবেত হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

দলীয় মনোনয়ন সংগ্রহের প্রথম দিন রোববার দুপুর ২টা পর্যন্ত ক্ষমতাসীন জোট সরকারের দুই মন্ত্রী অধ্যাপক জাহানারা বেগম এবং সেলিমা রহমানসহ ১৮৩ জন নারী নেত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে রাত সাড়ে ৮টা নাগাদ মাত্র সাতজন মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট পর্যন্ত। অন্যদিকে আগস্টের ২৭ তারিখ বিএনপি সংসদীয় বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে মনোনয়ন চূড়ান্ত করবে।

মনোনয়নপত্র সংগ্রহ করতে আসা নারী নেত্রীদের সঙ্গে তাদের অনেক সমর্থকও দলীয় কার্যালয়ে ভিড় জমান। নেত্রীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে তারা তাদের সমর্থনে স্লোগানসহ মিছিল বের করেন।

সারাদেশ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেত্রী এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রীরা দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার জন্যে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

অন্যদিকে বেশ কয়েকজন মন্ত্রী এবং বিএনপির প্রথম সারির নেতৃবৃন্দের স্ত্রী, বোন এবং আত্মীয়রাও মনোনয়নপত্র সংগ্রহের তালিকায় নিজেদের নাম লিখিয়েছেন।

এছাড়াও দলীয় মনোনয়ন সংগ্রহকারি অন্যরা হলেন, পাট ও বস্ত্র মন্ত্রী শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ, নরসিংদীর সাংসদ খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা, শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবি, পূর্তমন্ত্রী মীর্জ আব্বাসের স্ত্রী ইসরাত মীর্জা খুশি এবং নরসিংদীর নিহত বিএনপি সাংসদ শামসুদ্দিন আহমেদ এছাকের স্ত্রী রোকেয়া আহমেদ লাকি।

অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেত্রী হেলেন জেরিন খান, সাবেক এমপি সরোয়ারী রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী অধ্যাপক ফজিলাতুন্নেচ্ছা, অ্যাডভোকেট ফেরদৌস আক্তার ওয়াহিদা, শাহিদা আক্তার রিতা, অধ্যাপক ফিরোজা বুলবুল কালি, মামাচিং মারমা, নূর আরা সাফা এবং কাজী শাম্মী শেরও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং দলের খারাপ সময়ে তাদের অবদানের কথা উল্লেখ করে নারী নেত্রীরা বলেন, দলীয় উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ সংসদে সদস্যপদের জন্যে তাদের নির্বাচিত করলে তারা দলের জন্যে আরও বেশি অবদান রাখতে পারবেন।

বর্ধিত সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেলিমা রহমান বিডিনিউজকে বলেন, নারীর ক্ষমতায়ন এবং সংসদে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যে এটি একটি যুগান্তকারি পদক্ষেপ।

রোকেয়া আক্তার লাকি দলের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের অনুরোধে নরসিংদী উপনির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী লাকি বলেন, আমার বিশ্বাস, দল সহানুভূতির সঙ্গে আমার কথা বিবেচনা করবে।

বিএনপি সাংসদ খায়রুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা বলেন, কারও স্ত্রী বা আত্মীয় হিসেবে নয়, দল আমার কাজ ও নিষ্ঠা মূল্যায়ন করবে বলে আমি আশা করি।

তিন পার্বত্য জেলার একমাত্র প্রতিনিধি মামাচিং মারমা বলেন, নির্বাচিত হলে তিনি আদিবাসীদের অধিকার আদায়ে কাজ করবেন।

জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী অধ্যাপক ফজিলাতুন্নেসা বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার আশায় আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি, এখন নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন তারা কী করবেন।

কিশোরগঞ্জের অ্যাডভোকেট হোসনে আরা গিয়াস ডেইজি বলেন, নেতৃত্ব নেওয়ার জন্যে শিক্ষিত ও গতিশীল নেতৃত্বের এগিয়ে আসা উচিত।

প্রার্থীরা পাঁচ হাজার টাকার বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়াও মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তাদের আরও ২৫ হাজার টাকা জমা দিতে হবে। তারপর যারা নির্বাচিত হবেন, তাদের প্রত্যেককে দলীয় তহবিলে তিন লাখ টাকা জমা দিতে হবে।

নির্বাচন কমিশন আগস্টের ২ তারিখ সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আর ভোট দেওয়ার তারিখ ঘোষণা করেছে সেপ্টেম্বরের ৬ তারিখ।

নির্বাচনের তফসিল অনুযায়ী ২৭ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে এবং পরের দিন মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে।

সেপ্টেম্বরের ১ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে সংসদে রাজনৈতিক দলগুলোর আসনের আনুপাতিক হারে আসন বন্টন করা হবে। অনুপাত অনুযায়ী বিএনপি পাবে ৩০টি আসন, আওয়ামী লীগ পাবে নয়টি, জামাত পাবে তিনটি, জাতীয় পার্টি (এরশাদ) পাবে দুটি জেপি (মঞ্জু), বিজেপি (নাজিউর) এবং শ্রমিক কৃষক জনতা লীগসহ অন্যান্য রাজনৈতিক দল মিলে পাবে একটি আসন।

নির্বাচনে বিজয়ীরা সংসদের পরবর্তী অধিবেশনে যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।