২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জামিন পেলেন আ.লীগ নেতা মোখলেসুর রহমান

আওয়ামী লীগের সমাবেশে ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় শনিবার অন্তবর্তীকালীন জামিন পেলেন আওয়ামী লীগ নেতা ও ঢাকার মগবাজার এলাকার সাবেক ওয়ার্ড কমিশনার মোখলেসুর রহমান।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

বিচারপতি এমএ রশিদ ও বিচারপতি ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ কারাগারে অবস্থানরত মোখলেসুর রহমানের জামিন আবেদনের শুনানি শেষে শনিবার এ রায় প্রদান করেন।

র‌্যাব এ বছরের ৪ জুন মোখলেসুর রহমানকে গ্রেফতার করে এবং ৫ জুন তাকে ছেড়ে দেওয়া হয়। পরে ১০ জুন সিআইডি পুলিশ তাকে আবার গ্রেফতার করে। ১১ জুন তাকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয় এবং তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারের প্রতি একটি আদেশ জারি করে এবং তাকে পুনরায় রিমান্ডে না নেওয়ার ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে মোখলেসুর রহমান মহানগর দায়রা জজের কাছে জামিন চেয়ে একটি আবেদন দায়ের করেন। গত ৮ আগস্ট তার এ জামিন আবেদন খারিজ হয়ে যায়।

মোখলেসুর রহমানের পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। তাকে সহায়তা করেন অ্যাড. আব্দুল মতিন খসরু ও ব্যারিস্টার রেহান হোসাইন।