নারীর জন্য নির্দিষ্ট আসন ভিত্তিক সরাসরি নির্বাচন দাবি
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়িয়ে মোট আসনের এক তৃতীয়াংশ করাসহ আসন ভিত্তিক সরাসরি নির্বাচন দাবি করেছেন নারী নেত্রীরা।
সেই সাথে নারীর ক্ষমতায়ন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মনোভাব পরিবর্তনের মাধ্যমে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিকে নারী-বান্ধব করার লক্ষ্যে তারা ব্যাপক আলাপ--আলোচনার ওপর গুরুত্বারোপ করেছেন।
জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার পাক্ষিক অনন্যা আয়োজিত ’নির্বাচন প্রক্রিয়া ও রাজনৈতিক ব্যবস্থার সংস্কার: কীভাবে নারীর সমঅধিকারের প্রতিফলন ঘটানো যায়?’ শীর্ষক গোল টেবিল বৈঠকে রাজনীতি, উন্নয়ন কর্ম ও আইন পেশা সংশ্লিষ্ট বিশিষ্ট নারীরা এ অভিমত ব্যক্ত করেন।
আওয়ামী লীগ থেকে সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, জাসদের শিরিন আখতার ও সিপিবি’র লীনা চক্রবর্তী বৈঠকে এলেও ক্ষমতাসীন চার দলীয় জোট সরকারের প্রধান শরীক দল বিএনপি’র কেউ বৈঠকে ছিলেন না। আয়োজক ও অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন জানান, একাধিকবার আমন্ত্রণ জানানোর পরও বিএনপি’র নারী নেত্রীরা ‘বর্তমান রাজনৈতিক অবস্থায় এ সব বিষয়ে কথা বলা সম্ভব নয়’--এরকম কারণ দেখিয়ে বৈঠকে আসতে অপারগতা প্রকাশ করেছেন।
বৈঠকে পঠিত ধারণাপত্রে অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন গণতন্ত্রকে অর্থবহ ও শক্তিশালী করতে রাজনীতিতে আরও বর্ধিতহারে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেন। তিনি নির্বাচন কমিশনারদের সংখ্যা বাড়ানোসহ একজন মহিলা নির্বাচন কমিশনার নিয়োগেরও দাবী জানান।
মতিয়া চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে নারীদের জন্য আসন সংরক্ষিত থাকা উচিত। সাধারণ আসনে কোনো রাজনৈতিক দল মহিলা প্রার্থীকে মনোনয়ন দিলে প্রতিদ্বন্দ্বী দল থেকেও মহিলা প্রার্থী দেওয়া উচিত।
এভাবে সংসদে নারীর প্রতিনিধিত্ব ও নারী সদস্যের সংখ্যা বৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
নারীর ক্ষমতায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা আয়েশা খানম বলেন, ভালো কিছু করার জন্য রাজনীতিকদের সদিচ্ছাই যথেষ্ট।
তিনি বলেন, নারীর জন্য ইতিবাচক কিছু করতে হলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে।
তিনি আরও বলেন, এটা খুব-ই পরিতাপের বিষয় যে নারী ইস্যুটিকেও রাজনীতিকরা তাদের দলীয় চশমা লাগিয়ে দেখেন।
তিনি নারীদের জন্য জনসংখ্যা বা অন্য কোনো ভিত্তিতে স্বতন্ত্র সংসদীয় আসনে সরাসরি নির্বাচনের দাবি জানান, যা ছিলো বৈঠকে উপস্থিত প্রায় সকল আলোচকের-ই মূল দাবি।
মালেকা বেগম, ফরিদা আখতার, সালমা খান, এবং লীনা চক্রবর্তী বিরোধী দলের সংস্কার প্রস্তাবে নারীর ক্ষমতায়ন ইস্যুতে অধিক গুরুত্ব দেওয়ার কথা বলেন। এছাড়া ব্যারিস্টার রাবেয়া ভুঁইয়া, ব্যারিস্টার তানিয়া আমির, খুশি কবীর ও এডভোকেট সিগমা হুদা আলোচনায় অংশগ্রহণ করেন।
