২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের হাত থেকে জাতির দ্রুত মুক্তি কামনায় শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট সরকারের হাত থেকে জাতি যতো তাড়াতাড়ি মুক্তি পায় ততোই মঙ্গল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 08:11 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সরকার সবকিছুকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গী দিয়ে দেখে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধের চেতনা ও ঐতিহ্য ধ্বংস করছে। লুটপাটের বাণিজ্য চলছে প্রতিটি ক্ষেত্রে। এদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।

শুক্রবার আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের ৫৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, আবাহনীর বিরুদ্ধে বৈরী মনোভাব নিয়ে সরকার নানাভাবে বাধা দিচ্ছে। পঁচাত্তরের ১৫ আগষ্ট শেখ কামালসহ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকেই আবাহনীকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। এ সংগঠনটিকে গলা টিপে হত্যার চেষ্টা হয়েছে। আবাহনীর মতো সংগঠন সরকারের রোষাণলে পড়ে যেন ধ্বংস না হয়, সেজন্য আবাহনীর সংশ্লিষ্ট ব্যক্তিসহ দেশবাসীকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

ধানমণ্ডিতে আবাহনী ক্লাব চত্বরে আবাহনী সমর্থক গোষ্ঠী আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম।

আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, পরিচালক ও ক্রিকেট চেয়ারম্যান এএইচএম মোস্তফা কামাল, পরিচালক হারুনর রশিদ, সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা কাজী আব্দুল হাকিম,  ফজলে এলাহী বাদল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদশা।

অনুষ্ঠানের শুরুতে শেখ হাসিনা আবাহনী ক্লাবে রক্ষিত এর প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তিনি কৃতী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের ‘শেখ কামাল স্বর্ণপদক’ ও ক্রেষ্ট তুলে দেন।