বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জে সংঘর্ষ, যুবদল সভাপতিসহ ২০ জন আহত
বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জে বিবদমান দুগ্রুপের মধ্যে সংঘর্ষে যুবদলের জেলা কমিটির সভাপতিসহ ২০ জন আহত হয়েছে।
ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহর সংলগ্ন মান্দারতলা নতুন বাসস্ট্যান্ড দখল নিয়ে বুধবার রাতে তিনঘন্টাব্যাপী এ সংঘর্ষের সময় দোকানপাট লুটপাট করা হয়। ভেঙ্গে দেওয়া হয় ১৫/২০টি ঘর।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাসস্ট্যান্ড দখল করা নিয়ে যুবদলের জেলা কমিটির সভাপতি আজিজুর রহমান বেনো এবং আওয়ামী লীগের বোড়াশী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মুনির আহমদ ননীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাত ৯টার দিকে দুগ্রুপের সমর্থকরা ঢাল, সড়কি, রামদা, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে মান্দারতলায় বিদ্যুৎ ছিল না। এসময় বাস কাউন্টার ও দোকানপাট ভাংচুর এবং লুটপাট করা হয়। দখলকৃত জায়গায় নির্মিত ১৫/২০টি ঘর সংঘর্ষকারিরা ভেঙ্গে গুড়িয়ে দেয়। দুগ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে এসময় চারদিকে আতংক ছড়িয়ে পড়ে।
