২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনডি বাঁধে উচ্ছেদের আগে পুনর্বাসন এবং সিএনজি স্টেশন ও পেট্রোল পাম্প উচ্ছেদের দাবি আ.লীগের

ঢাকার ডিএনডি বাঁধ এলাকার মানুষজনের ভোগান্তির জন্যে ক্ষমতাসীন বিএনপি জামাতকে দায়ী করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 06:05 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

দলের নেতৃবৃন্দ এখানকার ক্ষতিগ্রস্ত হাজার হাজার ভুক্তভোগী মানুষকে উচ্ছেদের আগে তাদের যথাযথভাবে পুনর্বাসন এবং সিএনজি স্টেশন ও পেট্রোল পাম্প উচ্ছেদের দাবি জানিয়েছেন।

বুধবার সিদ্ধিরগঞ্জ পাওয়ার পাম্প এবং ডেমরার জলাবদ্ধ তিনটি এলাকা পরিদর্শন শেষে তারা এ দাবি জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ড. মহিউদ্দিন খান আলমগীর, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, অধ্যাপিকা নাজমা রহমান, হাবিবুর রহমান মোল্লা, থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

আব্দুল জলিল বলেছেন, স্থানীয় এমপির ক্যাডাররা ডিএনডির ভেতরের ক্যানেলগুলো দখল করে মাছ চাষ করার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এখন পানি নিস্কাশনের নামে ক্যাডাররা প্রতি ঘর থেকে তিন/চারশ’ টাকা করে চাঁদা নিচ্ছে। তারা চাঁদাবাজি ও অসহায় মানুষকে হয়রানি করছে। গরিব মানুষের দুর্দশা নিয়ে ক্ষমতাসীন দলের ক্যাডাররা রীতিমতো ব্যবসা শুরু করেছে।

তিনি ডেমরার সানার পাড়ের লন্ডন মার্কেটের জলাবদ্ধতাও পরিদর্শন করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমরা ডিএনডির জলাবদ্ধতা দূর করব।

বিডিনিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ডিএনডি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বুধবার পর্যন্ত অব্যাহত ছিল। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সদর উপজেলা নির্বাহি কর্মকর্তার উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় এদিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক এস এম হারুনার রশিদ জানান।