২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ এখনও অচল, ভূমি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের জীবনযাত্রা এখনও অচল। সেখানে চলছে অঘোষিত কারফিউ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 10:09 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পাঁচটি পিক আপ ভ্যান দিয়ে সেখানে বিডিআর ও পুলিশ টহল দিচ্ছে। বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

সোমবার স্থানীয় এমপি ও রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ আশুগঞ্জে এসে দুপক্ষের সঙ্গে কথা বলে মিমাংসার উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়। দুগ্রুপই পরিস্থিতির জন্যে তাকে দায়ি করেন।

মঙ্গলবার বিকেলে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ভূমি প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার আশুগঞ্জ আসেন। তিনি দুগ্রুপের নেতোদের সঙ্গেই কথা বলেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মিমাংসার প্রচেষ্টা সফল হয়েছে কিনা, এ বিষয়ে কিছু জানা যায়নি।

শুক্রবার যুবদলের সম্মেলনে বিবদমান দুই গ্রুপের সংঘর্ষের পর এ ঘটনা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে আশুগঞ্জের দুটি গ্রামের মানুষের মধ্যে। এরপর দুদিনের সংঘর্ষে চার শতাধিক মানুষ আহত হয়। সোহাগপুর এলাকায় শতাধিক বাড়িঘর ও দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়। পুলিশ মামলা দায়ের করে অজ্ঞাত ১৫ হাজার মানুষের বিরুদ্ধে।

ঘটনার চারদিন পর মঙ্গলবার আশুগঞ্জের কিছু কিছু দোকান খুললেও ক্রেতাশূণ্য অবস্থায় দোকানিদের বসে থাকতে দেখা যায। রাস্তায় লোকজনের চলাচল কম। স্থানীয় লোকজন জানিয়েছেন, রাস্তায় দুজনের বেশি কাউকে দেখলেই পুলিশ পেটাচ্ছে। সন্ধ্যার পর বিরাজ করে ভুতুড়ে অবস্থা।