সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের দু’গ্রুপের উত্তেজনা অব্যাহত
সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের নেতৃত্ব নিয়ে বিবদমান দুটি গ্রুপের মধ্যে সৃষ্ট উত্তেজনা বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত অব্যাহত ছিল।
মতিঝিলের সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের অষ্টম তলায় ইউনিয়ন কার্যালয়ের সামনে আজম কাসুরির নেতৃত্বাধীন বিদ্রোহী গ্রুপটি সমাবেশ ও স্লোগান দেয়। আজম কাসুরিকে ইউনিয়ন কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। তবে নিরাপত্তা কর্মীরা বিবদমান দুই গ্রুপের মাঝে অবস্থান নিলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। নিরাপত্তা কর্মীরা পুরো অষ্টম তলা ঘিরে রাখে।
সূত্র জানায়, ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম ফারুক বুধবার সাধারণ সম্পাদক হিসেবে মেসবাহ উদ্দিন আহমেদের নাম ঘোষনা করলে উত্তেজনার সূত্রপাত হয়।
আজম কাসুরি কমিটির বিরোধিতা করে পাল্টা কমিটি ঘোষনা করেন। ঘোষিত কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে দেওয়ান ফজলুল হক ও আজম কাসুরির নাম ঘোষনা করা হয়।
