২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার নিকট মার্কিন কূটনীতিক জানতে চাইলেন আ. লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা

আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা তা দলীয় প্রধান এবং বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার নিকট জানতে চেয়েছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ এ. চাম্মাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 06:24 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

জবাবে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখি গণতান্ত্রিক রাজনৈতিক দল। ইতিপূর্বে আমরা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছি। নির্বাচনের মাধ্যমেই আমরা ক্ষমতায় যেতে চাই। তবে জোট সরকার নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিস্থিতির সৃষ্টি করছেনা।

দলীয় সূত্র জানায়, বুধবার হাসিনার বাসভবন সুধাসদনে এক বৈঠকে আমেরিকান এ কূটনীতিক তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে আওয়ামী লীগসহ বিরোধী দলের প্রস্তাবনা সম্পর্কেও জানতে চান।

আওয়ামী লীগ প্রধান বলেন, আমরা চাই দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে যেন তাদের পছন্দমতো সরকার গঠন করতে পারে।

পরে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাম্মাস বলেন, আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমেরিকাসহ আন্তর্জাতিক মিশনগুলো প্রয়োজনীয় সকল সহযোগিতা দেবে। এনডিআই ও আইআরআই এ লক্ষ্যে কাজ শুরু করেছে।

বৈঠক শেষে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন এমপি বিডিনিউজকে বলেন, বিরোধী দলীয় নেতার সঙ্গে এটি ছিলো জুডিথের সৌজন্য সাক্ষাত। দুপুর আড়াইটা থেকে পৌণে চারটা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে তারা দ্বি পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। 

এছাড়া, শেখ হাসিনার আসন্ন আমেরিকা সফরের বিষয়টি আলোচনায় স্থান পায় বলে তিনি জানান।

বৈঠকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ্ এমপি ও আমেরিকান দুতাবাসের রাজনৈতিক সচিব রবার্ট ওয়াং উপস্থিত ছিলেন।