আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর স্টিমরোলার চালানো হচ্ছে: শেখ হাসিনার অভিযোগ
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, সরকার আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর স্টীমরোলার চালাচ্ছে। আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া কাজী সিরাজের ফরিদপুর সফরকালে গণমানুষের প্রতিরোধকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং পুলিশী হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি একথা বলেন।
এক বিবৃতিতে মঙ্গলবার শেখ হাসিনা বলেন, বাংলাদেশের রাজনীতিতে সুবিধাভোগী গণধিকৃত ব্যক্তিরা বরাবরই স্বতঃস্ফূর্ত গণরোষে পতিত হয়ে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। সেই অমোঘ পরিনতিরই শিকার সুবিধাবাদী কাজী সিরাজ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালির জনগণ যে কাজী সিরাজকে সংসদ সদস্য নির্বাচিত করেছিল, সেই ব্যক্তি কালো টাকার মোহে অন্ধ হয়ে ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্যে তার ভোটারদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণ এ অপমান ও বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেনি বলেই গত ২৯ জুন গণধিকৃত কাজী সিরাজের অগমনকে কেন্দ্র করে প্রতিরোধ গড়ে তোলে।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এ প্রতিরোধকে কেন্দ্র করে সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ওই এলাকার দেড়শ’ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছে। বাড়ি বাড়ি তল্লাশির নামে চালাচ্ছে পুলিশী হয়রানি।
তিনি বলেন, এটা কোনও রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং নৈতিক ভ্রষ্টাচার ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে সর্বস্তরের সচেতন জনগণের সম্মিলিত প্রতিরোধ ও ঘৃণার স্ফুলিঙ্গ।
শেখ হাসিনা বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালির আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং নেতা-কর্মীদের ওপর নির্যাতন বন্ধের জোর দাবি জানান।
