আলোচনা করেই বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনতে হবে: রওশন এরশাদ
জাতীয় পার্টির (এরশাদ) সংসদীয় দলের নেতা রওশন এরশাদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আলাপ আলোচনার মাধ্যমে বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনতে হবে।
বুধবার জাতীয় সংসদে ২০০৫-০৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় তিনি একথা বলেন।
রওশন এরশাদ বলেন, বাজেট হচ্ছে জনগণের কল্যাণের জন্য। তাই বাজেট যেনো জনগণের কল্যাণের পরিবর্তে দুর্ভোগের সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে তাদের সংসদে ফিরিয়ে আনতে হবে। দেশ ও জনগণের স্বার্থে তাদের কাজ করতে দিতে হবে।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে বেলা ১১টায় সংসদের অধিবেশন বসলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। অন্যান্যের মধ্যে বাজেট আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, বিএনপির সাংসদ আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম, এবাদুর রহমান চৌধুরী, নাজিমউদ্দিন আলম ও শাহজাহান আলী মিয়া।
রওশন এরশাদ তার বাজেট আলোচনায় বলেন, এ বাজেটে কল্যাণকর ও নেতিবাচক দুটি দিকই রয়েছে। বিশাল আয়তনের এ বাজেট যদি পুরোপুরি বাস্তবায়ন হয়, তবে দেশের মানুষের কল্যাণের কাজে আসবে। তবে কতটুকু তা বাস্তবায়িত হবে, সেটাই এখন দেখার বিষয়।
তিনি বাজেটের প্রায় ১৫ হাজার কোটি টাকার ঘাটতি কিভাবে পূরণ হবে, সে সম্পর্কে কোনো দিক নির্দেশনা না থাকায় অর্থমন্ত্রীর সমালোচনা করেন।
রওশন এরশাদ মোবাইল ফোনের সিম কার্ডের ওপর কর বাতিল এবং কল চার্জ এক টাকারও কম নির্ধারণের জন্য দাবি জানান।
তিনি টেংরাটিলা গ্যাস দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ নির্ধারণ, দোষীদের শাস্তি এবং জাতীয় সম্পদ রক্ষায় সরকারকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
