২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক পথে আর ক্ষমতায় আসতে পারবে না : যোগাযোগ মন্ত্রী

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা শুনলে সহ্য হবে না বলেই বিরোধী দল আওয়ামী লীগ সংসদে আসছে না। তারা বুঝে গেছে নিয়মতান্ত্রিক পথে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা বিকল্প পথ খুঁজছে। তাদের প্রভুদের খুশি করার চেষ্টা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 10:26 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সোমবার জাতীয় সংসদে ২০০৫-০৬ সালের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে তিনি একথা বলেন।

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের বৈঠকে সোমবার আলোচনায় আরও অংশ নেন ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, বিএনপির সাংসদ কেএম ওবায়দুর রহমান, সালাউদ্দিন আহমেদ, সাখাওয়াত হোসেন বকুল, একেএম সেলিম রেজা হাবিব ও শাহ শহীদ সারোয়ার, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আবু তাহের এবং জাতীয় পার্টির (এরশাদ) হাফিজউদ্দিন আহমেদ।

যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা প্রস্তাবিত বাজেটকে সরকারের উন্নয়ন ও গুরুত্বপূর্ণ কার্যক্রমের একটি দলিল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশ আজ দুটি ভাগে বিভক্ত। একটি খালেদা জিয়ার নেতৃত্বে দেশের পক্ষের শক্তি আরেকটি শেখ হাসিনার নেতৃত্বে দেশবিরোধী শক্তি।

ব্যারিস্টার আমিনুল হক বাজেটকে উচ্চাভিলাষী বলে উল্লেখ করে বলেন, উচ্চাভিলাষ না থাকলে দেশ এগিয়ে যাবে কি করে? তবে বাজেটের সমালোচনা না করে কতটুকু বাস্তবায়িত হচ্ছে, তাই দেখতে হবে।

তিনি বিরোধী দলের তত্ববধায়ক সরকার সংস্কার ইস্যুর সমালোচনা করে বলেন, তারা সংস্কার চায়। তবে কি সংস্কার করতে হবে, তা তারা এখনও বলতে পারেনি। প্রকৃতপক্ষে তারা আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা চায়।

কেএম ওবায়দুর রহমান বিরোধী দলের ১৩ দফা সংশোধনীর সমালোচনা করে বলেন, তারা সংসদে এসে কথা না বলে বাইরে থেকে সংশোধনী প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাব না মানলে হরতালের হুমকি দেওয়া হয়েছে। তবে দেশের মানুষ আর হরতাল চায়না।

তিনি বলেন, বিরোধী দল ৩০ এপ্রিল সরকার পতনের ইস্যুতে ব্যর্থ হয়ে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে ২১ আগষ্টের ঘটনা ঘটানোর চেষ্টা করছে।

তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তনের আহ্বান জানান।

সংসদের অধিবেশন মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে। আগামী ২৯ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পাস হবে।