২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকার বাজেটের নামে দেশবাসীর সঙ্গে ভাওতাবাজি করছে: ৬ দফা দিবসে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাত জোট সরকার বাজেটের নামে দেশবাসীর সঙ্গে ভাওতাবাজি করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, সরকার বিনা বিচারে মানুষ হত্যা করছে। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। কিন্তু অত্যাচারিত মানুষ এখন জেগেছে। সেদিন আর বেশি দূরে নয়, ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে জোট দু:শাসনকে হটিয়ে আমরা বাংলার মানুষকে মুক্ত করবো।

শেখ হাসিনা মুক্তি সংগ্রামের দীর্ঘ ইতিহাস বর্ণনা করে বলেন, ১৯৬৬-৬৭ সালে যে অবস্থা ছিল, বর্তমানেও দেশে সেই অবস্থা বিরাজমান। তিনি বলেন, ক্ষমতাসীন সরকার আদৌ বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। তারা অত্যাচার, নির্যাতন, দুর্নীতি সন্ত্রাসের সকল সীমা ছাড়িয়ে গেছে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আসুন জোট সরকারের শোষণ, নির্যাতন, দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিই। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।

আওয়ামী লীগ সভানেত্রী অভিযোগ করেন, সরকার ‘ক্রসফায়ারের’ নামে বিনা বিচারে মানুষ হত্যা করে এখন নিহতের চেহলাম পর্যন্ত করতে দিচ্ছে না। আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম দুদ মিয়াকে হত্যার পর আজ (মঙ্গলবার) চেহলামের খাবারও লুট করে নিয়ে গেছে ছাত্রদল যুবদলের ক্যাডাররা।

শেখ হাসিনা বলেন, র‌্যাবের হাতে গ্রেফতারকৃত আরমানকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অথচ দুর্ধর্ষ খুনি শিবির ক্যাডার গিয়াস হাজারিকাকে জিজ্ঞাসাবাদ না করেই ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। তিনি বলেন, গিয়াস হাজারিকাকে জিজ্ঞাসাবাদ করা হলে ২১ আগস্টের গ্রেনেড হামলার আসল তথ্য বেরিয়ে আসতো। প্রধানমন্ত্রী ও তার পরিবার, রাজনৈতিক উপদেষ্টা আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ধরা পড়ে যেতেন।

‘স্বাধীকার থেকে স্বাধীনতার প্রেক্ষাপটে ৭ জুন’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. হারুন উর রশিদ। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মতিয়া চৌধুরী, ড. একে আজাদ চৌধুরী, মোহাম্মদ হানিফ, আসাদুজ্জামান নূর, অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

এর আগে মঙ্গলবার সকালে শেখ হাসিনা ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে দলের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বিডিনিউজ জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, দেশের বিভিন্ন জেলায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে।