সৌদি আরব যাওয়ার আগে বিদিশাকে তালাক দেওয়ার কথা ঘোষণা করলেন এরশাদ
সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ সোমবার সকালে সৌদি আরব যাওয়ার আগে দ্বিতীয় স্ত্রী বিদিশাকে তালাক দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, আমি ৩ জুন বিদিশাকে তালাক দিয়েছি।
সরকারের ক্রমাগত চাপের মুখে তিনি এ কাজ করেছেন-এমন খবর প্রত্যাখান করেন এরশাদ।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিদিশার চার বছরের শিশুপুত্র এরিককে নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যেহেতু বিদিশার আরও একজন স্বামী আছে, তাই তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছেন বলে দাবি করে বলেন, আমি এবং বিদিশা ২০০০ সালের ৩ এপ্রিল বিয়ে করি। ২০০৫-এর ২ জুন জানতে পারি, তার আরও একজন স্বামী আছে।
ওইসব নথিপত্রের বরাত দিয়ে এরশাদ বলেন, বিদিশা যুক্তরাজ্যের নাগরিক পিটার উইলসনকে তালাক দেয়নি। বিদিশা তার এবং সন্তান এরিকের যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার জন্যে ২০০২ সালের ২২ এপ্রিল আবেদন করে। সেখানে সে পিটারকে স্বামী হিসেবে উল্লেখ করে।
তবে এরিকের আসল পিতা কে-সাংবাদিকদের এ প্রশ্নের সুস্পষ্ট জবাব দেননি এরশাদ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, বিদিশার দুর্ব্যবহার এবং উদ্ধত আচরণও তাকে তালাক দেওয়ার মত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান বিদিশার বিরুদ্ধে মামলা করার ব্যাপারে তার সিদ্ধান্তের যথার্থতা প্রসঙ্গে বলেন, বিদিশা’র উপর্যুপরি হুমকি আমার এবং এরিকের জীবন বিপর্যস্ত করে তুলেছিল।
এরশাদ বিদিশাকে সন্ত্রাসীদের সাথে যোগাযোগ রক্ষাকারী হিসেবে অভিযোগ করে বলেন, বিদিশা আমাকে হত্যা করতে চেয়েছিল। তার নিজের নামে বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের পাসপোর্ট রয়েছে।
তিনি আরও বলেন, বিদিশা অসুস্থ নয়, সে অভিনয় করছে। যদি সে অসুস্থই হতো, তাহলে ২০ কেজি ওজনের ছেলে এরিককে নিয়ে পাঁচতলা থেকে কীভাবে নিচে নামল।
অন্য এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, আমি কখনও তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করিনি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কোনও সদস্যের সাথেও না। আমার ওপর কোনও চাপ প্রয়োগ করা হয়নি। এবং আমি বিদিশাকে ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনও দেশের সাথে যোগাযোগ রাখতেও বলিনি। কারণ, আমিই আমার দলের সকল বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি।
নির্বাচন প্রসঙ্গে বেশ আত্মবিশ্বাসের সুরে এরশাদ বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে কোনও জোট ছাড়াই নির্বাচন করবে। তিনি জনান, স্বতন্ত্র জোট গঠনের ব্যাপারে তিনি কাদের সিদ্দিকী এবং আসম আব্দুর রবের সাথে কথা বলেছেন।
নিজের এবং পুত্র এরিকের চিকিৎসার জন্যে সৌদি আরব যাচ্ছেন বলে এরশাদ জানান।
জাতীয় পার্টির নেতা কাজী জাফর আহমদ, রুহুল আমিন হাওলাদার এবং কাজী ফিরোজ রশিদ এরশাদের সঙ্গে সৌদি আরব যাচ্ছেন।
