২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্পাস ও হলগুলো থেকে সশস্ত্র ক্যাডারদের বহিস্কারে সর্বসম্মত সিদ্ধান্ত নিতে হবে: জাতীয় ঐক্য মঞ্চ ও বিকল্পধারা

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলগুলো থেকে বহিরাগত ও সশস্ত্র ক্যাডারদের বহিস্কারের জন্যে জাতীয় সংসদে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 04:11 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

ড. কামাল হোসেনের উদ্যোগে গঠিত জাতীয় ঐক্য মঞ্চ এবং সাবেক রাষ্ট্রপতি প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরীর রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশ রোববার জাতীয় প্রেস ক্লাবে অয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ দাবি জানায়।

দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা ৮ জুন ‘সন্ত্রাস ও অস্ত্রমুক্ত ক্যাম্পাস দিবস’ পালনের ঘোষণা দেন।

সাংবাদিক সম্মেলনে ঐক্য মঞ্চ নেতা আব্দুর রউফ লিখিত বক্তব্য পড়ে শোনান। গণ ফোরামের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিকও এ সময় উপস্থিত ছিলেন।

এতে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী শাম্মীর মৃত্যুতে ক্যাম্পাসে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জন্যে সরকারের কঠোর সমালোচনা করা হয়। ড. কামাল হোসেন তার আলোচনায় বলেন, সরকার সংবিধানের কোনও কিছুই পালন করছে না। সরকারী দলের ক্যাডাররা ক্যাম্পাসে অগণতান্ত্রিক ও অসংবিধানিক পন্থায় হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। দলীয় স্বার্থে সরকার আইন কানুনের তোয়াক্কা করছে না।

সাধারণ ছাত্রছাত্রীদের ওপর বিএনপি ক্যাডার এবং পুলিশের অসংবিধানিকভাবে যৌথ আক্রমন প্রসঙ্গে ড. কামাল বলেন, সরকার দেশের ভাবমূর্তি চরমভাবে নষ্ট করেছে। সংশ্লিষ্ট মন্ত্রীদের অন্তত ৫০ বার পদত্যাগ করা উচিত।

এক প্রশ্নের জবাবে বদরুদ্দোজ্জা চৌধুরী জানান, যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন, তখন তিনি পদের কারণে সীমাবদ্ধতা সত্ত্বেও সহিংসতা এবং হত্যার রাজনীতি নিয়ে আলোচনার চেষ্টা করেছিলেন।

দুই নেতা ক্যাম্পাসে সহিংসতা এবং অস্ত্রের রাজনীতি বন্ধে দেশবাসীকে সচেতন হওয়ার আবেদন জানান।

তারা আশা প্রকাশ করেন, সবাই এ ব্যাপারে এগিয়ে আসলে আন্দোলন সফল হবে।