২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নম্বরী করে ক্ষমতা চিরস্থায়ী কেন টার্মও পূরণ করা যায় না: ড. কামাল

গণফোরাম ও জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণ যাতে গণবিচ্ছিন্ন সরকার ও দলকে ‘লালকার্ড’ দেখাতে পারে এ কারণে নির্বাচন প্রক্রিয়ার সংস্কার চাচ্ছি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

যারা মনে করছে যেনযেনভাবে নির্বাচনের নামে উৎসব করে ক্ষমতা চিরস্থায়ী করবে তারা আহম্মকের স্বর্গে বাস করছে। দুই নম্বরী করে ক্ষমতা চিরস্থায়ী কেন টার্মও পূরণ করা যায় না।

গাজীপুরের ‘১৯ মার্চ মুক্তমঞ্চ’-এ জেলা জাতীয় ঐক্যমঞ্চ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রী নির্যাতনের নিন্দা করে ড. কামাল হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এশিয়ার গর্বের ধন ছিল। সেই বিশ্ববিদ্যালয়ে সরকার দলীয় ক্যাডাররা লাঠি দিয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পেটায়। এ নিয়ে তাদের মধ্যে কোনও লজ্জাবোধ নেই। তারা এত অসুস্থ্য যে, অপকর্মের সময় হাসিহাসি মুখ করে ছবির জন্য পোজ দেয়।

তিনি বলেন, এ অবস্থা চলতে দেয়া যায় না। জনগণকে দেশের মালিক আখ্যায়িত করে তিনি বলেন, ঐক্যবদ্ধ জনতার কাছে কালোটাকা, পেশীশক্তি, দম্ভ পরাজিত হতে বাধ্য।

মোহাম্মদ তোবারক হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ মানিক, মফিজুল ইসলাম খান কামাল, মোস্তফা মোহসীন মন্টু, মোশতাক আহমেদ, সাবেক হুইপ আবদুর রউফ, মোকাব্বির খান, সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট আব্দুল বাতেন ও ফরিদা ইয়াসমিন।