সরকারই বিরোধী দলকে সংসদের রাইরে রাখছে
বিরোধী দলীয় সাংসদরা অভিযোগ করেছেন যে সংসদে কথা বলতে না দিয়ে সরকার ও স্পিকারই তাদের সংসদের বাইরে থাকতে বাধ্য করছে।
নগরীর একটি হোটেলে শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট পরবর্তী আলোচনা সভায় বিরোধী দলের চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, আমরা সরকারের বিরুদ্ধে কথা বলতে গেলেই স্পিকার আমাদের মাইক বন্ধ করে দেন।
এমনকী বিরোধী দলীয় সাংসদেরকে তাদের এলাকার উন্নয়নের জন্য প্রাপ্য বরাদ্দও দেয়া হয় না বলেও তিনি অভিযোগ করেন।
আওয়ামী লীগের অপর সাংসদ আব্দুর রাজ্জাক বলেন, আমাদের দলের সাংসদদেরকে তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
সাবেক অর্থমন্ত্রী এএমএ মুহিত বলেন, আমরা কোনও উন্নয়ন বাজেট পাচ্ছি না।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আওয়ামী লীগের সাংসদরা শেখ হাসিনার ওপর ভয়াবহ গ্রেনেড হামলা সম্পর্কে সংসদে আলোচনা করতে চাইলে স্পিকার তাদের সুযোগ দেননি।
অন্যদিকে, ট্রেজারি বেঞ্চের সদস্যদের নির্বিঘ্নে কথা বলতে দেয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
বাজেট পরবর্তী আলোচনা সভায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা ওয়ালিক বলেন, সকলের অংশগ্রহণের মাধ্যমে বাজেট তৈরির জন্য সংসদে আলোচনা করা উচিত।
