জিয়ার মৃত্যুবার্ষিকীতে ফেনী ও নরসিংদীতে বিএনপি দু’গ্রুপের পৃথক কর্মসূচি পালন
ফেনী ও নরসিংদীতে বিএনপি’র দু’গ্রুপের পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বিডিনিউজ ফেনী প্রতিনিধি জানান, ভিপি মোশারফ গ্রুপ শহীদ জহির রায়হান হল এবং এস্কান্দার গ্রুপ দলীয় কার্যালয়ে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান করে।
জানা যায়, এসএসকে রোডে জেলা বিএনপি কার্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আ. কাদের ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও ফেনী-১ আসনের সাংসদ মেজর (অব.) সাঈদ এস্কান্দার। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহিদ উদ্দিন ফেরদৌস, জেলা যুবদলের সভাপতি অ্যাড. সৈয়দ মিজানুর রহমান এবং জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাসুদসহ অনেকে।
অন্যদিকে, বেলা ১১টায় শহীদ জহির রায়হান হলে পৌর বিএনপি’র সভাপতি অ্যাড. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সভাপতি ও ফেনী-৩ আসনের সাংসদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের সাংসদ অধ্যাপক জয়নাল আবদীন ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। সমাবেশে বিএনপি, জামায়াত ও ইসলামী ঐক্যজোটের জেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পৃথকভাবে আয়োজিত সমাবেশের পর দু’গ্রুপই কাঙ্গালি ভোজের আয়োজন করে।
অন্যদিকে, নরসিংদীতেও দু’গ্রুপের পৃথক সমাবেশের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
নরসিংদী সদর আসনের উপনির্বাচনে জোট প্রার্থী খায়রুল কবির খোকনের নেতৃত্বে জেলা বিএনপি’র একটি অংশ নরসিংদী সদর উপজেলা মাঠে সমাবেশ আয়োজন করে।
জেলা বিএনপি’র সহ-সভাপতি নুরুল ইসলাম কাকনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন মাস্টার, যুগ্ম সম্পাদক সুলতান উদ্দিন মোল্লা, বাবুল সরকার, আরিফুল ইসলাম মৃধা প্রমুখ।
অপরদিকে, বিএনপি’র পাঁচ বিদ্রোহী প্রার্থীর নেতৃত্বাধীনে একই সময় শহরের বাজির মোড়ে শহর বিএনপি’র সভাপতি গোলাম কবির কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বিদ্রোহী প্রার্থী ও জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি মেজবাহ উদ্দির ইরান, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মিয়া মোহাম্মদ সেলিম, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক বিজি নওশের, প্রয়াত শামসুদ্দিন এছাকের স্ত্রী রোকেয়া আহমেদ লাকী ও ছেলে হারুন অর রশিদ হারুন, জসিম উদ্দিন ভুঁইয়া প্রমুখ।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দ্বিধাবিভক্ত জেলা বিএনপি পৃথকভাবে কাঙ্গালি ভোজ, মিলাদ মাহফিল ও কোরনখানি আয়োজন করে।
