প্রধান বিচারপতিই কেবল সুপ্রিম কোর্টের বিরাজমান সংকট নিরসন করতে পারেন: এসসিবিএ সভাপতি
সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশন (এসসিবিএ) সভাপতি এ্যাডভোকেট মাহবুবে আলম শুক্রবার বলেছেন বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতিই কেবল সুপ্রিম কোর্টে বিরাজমান সংকট নিরসন করতে পারেন। বিতর্কিত অতিরিক্ত বিচারক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজীকে নিয়ে সৃষ্ট সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে।
বিডিনিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, বিচারপতি ফয়েজীকে প্রত্যাহার করে নেয়ার জন্য আমরা প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানিয়েছি। তিনি বার বার সময় নিচ্ছেন এবং বলছেন তিনি বিষয়টি দেখবেন কিন্তু এখনও পর্যন্ত তিনি সমস্যা সমাধানে কোন পদক্ষেপ নেন নি। এ্যাসোসিয়েশনের বেশকিছু সংখ্যক আইনজীবী ফয়েজীকে প্রত্যাহারের দাবিতে আরো কঠোর কর্মসূচির গ্রহণের জন্য চাপ দিচ্ছে কিন্তু আমরা ধৈর্য ধারণ করে রয়েছি।
মাহবুবে আলম বলেন, এসসিবিএ’র দাবি ও বক্তব্য বিবেচনা করে প্রধান বিচারপতির উচিত হাইকোর্ট বেঞ্চে বিচার কাজ পরিচালনা থেকে বিচারপতি ফয়েজীকে প্রত্যাহার করে নেয়া।
তিনি বলেন, ফয়েজীকে প্রত্যাহারের দাবি এসসিবিএ’র সিদ্ধান্ত। প্রধান বিচারপতির উচিত এ সিদ্ধান্ত বিবেচনায় নেয়া এবং বিচার বিভাগের ও সুপ্রিম কোর্টের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তাকে পদ থেকে প্রত্যাহার করা।
পরিস্থিতি পর্যালোচনায় এসসিবিএ সোমবার সাধারণ সভা ডেকেছে বলে জানান সমিতি সভাপতি। তিনি বলেন এ সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
মাহবুবে আলম বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে ফয়েজীকে পাঁচমাস ধরে কোন বেঞ্চ দেয়া হচ্ছিলো না। ফয়েজীর পিতার দায়েরকৃত মামলাকে হাইকোর্ট আদালত অবমাননা বলে উল্লেখ করে এ আদেশ জারি করেছিলো। কিন্তু সুপ্রিম কোর্ট হাই কোর্টের এ আদেশ স্থগিত করে।
তিনি আরো বলেন, বাংলাদেশ বার কাউন্সিল ফয়েজীর এনরোলমেন্ট সার্টিফিকেট বাতিল করেছে। হাইকোর্টের একজন বিচারক হওয়া সত্ত্বেও ফয়েজী হাইকোর্টেই মামলা দায়ের করেছেন। অন্যদিকে তিনি হাইকোর্টে বিচার কাজ পরিচালনা করছেন, যা দৃষ্টিকটূ কাজ হয়েছে। আর একারনেই তার আর জুডিসিয়াল বেঞ্চে বসা উচিত হবে না।
পূর্ববর্তী উদাহরণ উল্লেখ করে এ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, অতীতে হাইকোর্টের একজন অতিরিক্ত বিচারকের বিরুদ্ধে ক্যাসেট কেলেংকারীর অভিযোগ উঠেছিলো। এবং সেবার প্রধান বিচারপতি ওই বিচাররককে তার পদ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন। এবং তিনি তা করেছিলেন।
তিনি বলেন, ফয়েজীর বিরুদ্ধে অভিযোগ তার এলএরবি’র কোন সার্টিফিকেট নেই। এ অভিযোগ পূর্ববর্তী ও বিচারকের বিরুদ্ধে আনীত অভিযোগের তুলনায় অনেক বেশি গুরুতর। অথচ ফয়েজী পদত্যাগ করছেন না এবং প্রধান বিচারপতিও সমস্যা সমাধানে কোন উদ্যোগ নিচ্ছেন না।
এসসিবিএ সভাপতি বলেন, তাদের আন্দোলনের কারণে সুপ্রিম কোর্টের বিচার কাজে কোন ক্ষতি হচ্ছে না। এবং যতক্ষণ তাদের দাবি না মানা হবে ততদিন এ আন্দোলন চলবে।
