ব্যারিস্টার রোকন ও অ্যাড. মাহবুবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন বিএনপির সাংসদরা
বিএনপির সাংসদরা বার কাউন্সিলের সহ সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার দাবি জানিয়েছেন।
সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতিকে অবরোধসহ হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার জন্য তারা এই দাবি জানান।
সোমবার জাতীয় সংসদ চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এই দাবি জানান।
প্রশ্নোত্তর পর্ব শেষে জিরো আওয়ারে বিএনপির সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম বিষয়টি উত্থাপন করেন। পরে একই বিষয়ে আলোচনায় অংশ নেন জহির উদ্দিন স্বপন ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনজন সদস্যই একজন বিচারপতির সার্টিফিকেট জালিয়াতি নিয়ে আইনজীবীদের আন্দোলন এবং প্রধান বিচারপতিকে হুমকি দেওয়ার ঘটনাটিকে সংবিধান পরিপন্থী বলে উল্লেখ করেন।
এ বিষয়ে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার সংক্ষিপ্ত রুলিং দেন। তিনি বলেন, এ আন্দোলনটি সংবিধান বহির্ভূত। কারণ জনৈক বিচারপতিকে নিয়ে সৃষ্ট জটিলতাসহ বিষয়টি আদালতে বিচারাধীন। সাব জুডিস কোনো বিষয় নিয়ে কথা বলা আইন পরিপন্থী।
তিনি বলেন, একজন ব্যাক্তিকে বিচারপতি পদে নিয়োগ দেওয়ার পর প্রধান বিচারপতি তার নিয়োগ বাতিল করতে পারেন না।
