২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের নিরাপত্তা বিষয়ে পর্যালোচনা করবে নির্বাচন কমিশন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশন বৃহস্পতিবার নিরাপত্তার ব্যাপারে পর্যালোচনা করবে। আগামী ৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

নির্বাচন কমিশন ইতোমধ্যেই নিরাপত্তা নিয়ে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা করেছে এবং নির্বাচনের আগের দিন নগরীতে সেনাবাহিনীসহ প্রায় ১০,০০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার করতে নিরাপত্তা ব্যাবস্থাকে আরও জোরদার করার জন্য কমিশন সেনাসদস্যসহ যৌথবাহিনী নামানোর পরিকল্পনা করেছে।

নির্বাচন কমিশনার এমএম মুন্সেফ আলী বলেন, আমরা সব ধরনের নিরাপত্তা এবং যৌথবাহিনী হিসেবে সেনাবাহিনী নামানোর ব্যাপারে বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা করব।

পুলিশ, বিডিআর ও ডিজিএফআই, এনএসআই, ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিয়ে যৌথবাহিনী গঠন করা হবে।

নির্বাচন কমিশন এখনও কোনও কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেনি। তবে এ বিষয়টি বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা করা হবে।

বৈঠকে নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ এবং সেনাবাহিনী, পুলিশ, বিডিআর ও চট্টগ্রামের জেলা প্রশাসক উপস্থিত থাকবেন।

নির্বাচনে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগের ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হবে।

৫৭৭ টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে পাঁচটি করে বুথ থাকবে। নির্বাচনের দিন ৪১টি ভ্রাম্যমান আদালত নির্বাচনী এলাকাসমূহ ঘুরে বেড়াবে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রায় ৯০০ জন ম্যাজিস্ট্রেট কাজ করবে।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে জোট সরকার এবং নির্বাচন কমিশনের জন্য একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এ নির্বাচনটিই হবে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এমএ সাঈদের শেষ নির্বাচন। আগামী ২২ মে তিনি অবসরে যাবেন।