কূটনৈতিক সম্পর্কে জোট সরকারের ‘দুর্বলতা ও ব্যর্থতায়’ আওয়ামী লীগের ক্ষোভ
ভারত পাকিস্তান যখন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে তখন দুর্বল কূটনীতি এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক স্থাপনে ব্যর্থ আখ্যা দিয়ে আওয়ামী লীগ জোট সরকারের কঠোর সমালোচনা করেছে।
এছাড়া ভ্রান্ত পররাষ্ট্র নীতির কারণে আন্তর্জাতিক বিশ্বে বিশ্বাসযোগ্যতা ও আত্মবিশ্বাস হারনোর জন্য তারা সরকারের সমালোচনা করেন।
বুধবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সভাপতি ফারুক চৌধুরী বলেন, ‘আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান যখন নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করছে তখন বাংলাদেশ সরকার নিরব দর্শক হয়ে তা দেখছে। বাংলাদেশ এমন কর্মকাণ্ড করছে যেন দক্ষিণ এশিয়ায় আমাদের কোনও অস্তিত্বই নাই’।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে উভয়কেই আত্মবিশ্বাস অর্জন করতে হবে। কিন্তু আমরা দেখছি সরকার আত্মবিশ্বাস অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
বিরোধী দলের নেতা শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী ও সাবেক রাষ্ট্রদূত মাহমুদ আলীও সম্মেলনে বক্তব্য রাখেন।
ফারুক চৌধুরী উল্লেখ করেন, ভারত পাকিস্তান যখন পারমানবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে দক্ষিণ এশিয়ায় উত্তেজনা সৃষ্টি করেছিল তখন উত্তেজনা হ্রাস করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দু’টি দেশ সফরে গিয়েছিলেন।
তিনি বলেন, বাংলাদেশ বন্ধুহীন রাষ্ট্র নয়, কিন্তু ভ্রান্ত নীতির কারণে বর্তমান সরকার দিনদিন বন্ধুহীন হয়ে পড়ছে। তিনি সরকারকে অন্যান্য রাষ্ট্র বিশেষত প্রতিবেশী রাষ্ট্রের সাথে অবনতি হওয়া সম্পর্ক পুনরুদ্ধারের জন্য আত্মবিশ্বাস অর্জনের পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ সম্পর্কে কোনও খারাপ প্রতিবেদন প্রকাশ পেলে তারা কষ্ট পান। বাংলাদেশকে কেউ কটাক্ষ করলে আওয়ামী লীগ খুশী হয়, এ ধারণা ঠিক নয়। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিশ্বে সবকিছুই চোখের পলকে ছড়িয়ে যায়।
আওয়ামী লীগ ভারত ঘেষা এমন অভিযোগের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ একমাত্র বাংলাদেশ ঘেষা। কেননা আওয়ামী লীগই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল।
একই অভিযোগে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘যারা বলে আমরা ভারত ঘেষা তাদের ধ্যাণ ধারণা প্র্রাচীন যুগের। অন্য কোনও দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে কোনও বিবেচ্য বিষয় হতে পারে না। আমরা সবসময়ই বাংলাদেশ ঘেষা’।
তিনি বলেন, অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে ব্যর্থতা রাষ্ট্র পরিচালনায় জোট সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ।
আওয়ামী লীগ ইউরোপীয় পার্লামেন্টকে বাংলাদেশ সংক্রান্ত প্রস্তাব গ্রহন করতে প্রভাবিত করেছে এমন অভিযোগ তিনি সরাসরি নাকোচ করে দেন।
তিনি বলেন, বর্তমান সরকারের অবস্থা হচ্ছে মরভূমির উটপাখির মতো। তার সর্বত্রই বিরোধিতার মুখোমুখি হচ্ছে কিন্তু দেশে বাস্তবে কি হচ্ছে তা প্রকাশ করতে চাচ্ছে না।
