২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাবের চৌধুরীর নির্বাচনী মামলা হাইকোর্টে নিস্পত্তির নির্দেশ

সুপ্রীম কোর্ট সংসদের ঢাকা ৬ (মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও) আসনের ফলাফল বাতিল সংক্রান্ত সাবের হোসেন চৌধুরীর দায়ের করা মামলা খারিজ করে ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া আদেশকে এখতিয়ার বহির্ভূত ঘোষণা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 06:16 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, বিচারপতি এমএ আজিজ ও বিচারপতি আমিরুল কবীর চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ গত ২৩ মার্চ মামলাটিকে হাইকোর্ট বিভাগেই আইনসঙ্গতভাবে শুনানী ও নিস্পত্তি করার নির্দেশ দেন।

২০০২ সালের ৩০ এপ্রিল বিচারপতি নূরুল ইসলামের দেওয়া খারিজ আদেশের বিরুদ্ধে মামলার বাদী সাবের হোসেন চৌধুরী আপীল করলে সুপ্রীম কোর্ট শুনানী শেষে ওই নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ওই নির্বাচনে ঢাকা ৬ আসনে মীর্জা মো. আব্বাস নির্বাচনী ফলাফল জাল-জালিয়াতি, ভয়ভীতি ও শক্তি প্রয়োগের মাধ্যমে নির্বাচনী কর্মকর্তাদের যোগসাজসে পক্ষে নিয়েছেন।

এছাড়াও নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৬৫ ধারা, ভোটার তালিকা অধ্যাদেশের ৭ ধারা এবং সংবিধানের ১১৯ ও ১২১ ধারা চরমভাবে লংঘণ করে একটি ভোটার তালিকার স্থলে দুই ধরণের ভিন্ন ভিন্ন নামের ও সংখ্যার ভোটার প্রকাশ এবং নির্বাচনের দিন তা ব্যবহার করে পুরো নির্বাচনী প্রক্রিয়া ও ফলাফলকে প্রভাবিত করা হয়েছে।

আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক সাংসদ সাবের হোসেন চৌধুরী এ ফলাফলকে ‘আইন বহির্ভূত ও অবৈধ’ বলে উল্লেখ করে বাতিল ঘোষণার জন্য নির্বাচনী আইনে হাইকোর্ট বিভাগে মামলা দায়ের করেন।

এরআগে হাইকোর্টের বিচারপতি নূরুল ইসলামের দেওয়া রায়ের ব্যাখ্যায় বলা হয়, মামলার বাদী দুই হাজার টাকার জামানত নিজে জমা না দিয়ে আইনজীবীর মাধ্যমে জমা দেন। এ কারণে তিনি মামলাটি খারিজ করে দেন।

আপীল বিভাগের রায়ে মামলার এই খারিজাদেশকে এখতিয়ার বহির্ভূত ও ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়।

বাদী পক্ষে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আফতাব হোসেন এবং মীর্জা আব্বাসের পক্ষে অ্যাডভোকেট খোন্দকার মাহবুব উদ্দিন আহমেদ ও মাহবুবুর রহমান মামলা পরিচালনা করেন।

সুপ্রীম কোর্টের আপীল বিভাগে দেওয়া রায়কে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী।

বিডিনিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় সাবের চৌধুরী বলেন, ওই নির্বাচনে সংবিধানের লংঘন করে দুটি ভোটার তালিকায় ভোট গ্রহণ করা হয়েছে। কিন্তু আদালতে দীর্ঘসূত্রিতার কারণে রায় বিলম্বিত হয়েছে। তবে সুবিচার পাওয়ার আশা করছি।

তিনি বলেন, এখন তত্বাবধায়ক সরকার সংস্কার নিয়ে কথা হচ্ছে। অবশ্যই নির্বাচনী মামলা দ্রুত নিস্পত্তির বিষয়টিও এ আলোচনায় থাকা উচিত। আপীল নিস্পত্তি দ্রুত হলে বাদীরাও সুবিচার পাবেন।