২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আ.লীগের বর্ণাঢ্য স্বাধীনতা মিছিল: জোট সরকারকে হটিয়ে স্বাধীনতার স্বপক্ষ শক্তিকে ক্ষমতায় আনার প্রত্যয়

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ শনিবার বিকেলে রাজধানীতে এক বিশাল মিছিল বের করে। মিছিলটি ঢাকার মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 06:27 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে প্রধান বিরোধী দল এ বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে।

মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেন, বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় থাকলে দেশকে ধ্বংস করবে। তাই তীব্র আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করে ক্ষমতা থেকে হটিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

সমাবেশের জন্য মুক্তাঙ্গনের সামনের রাস্তায় একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়।

এসময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মহিউদ্দিন খান আলমগীর, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ নাসিম, সাবের হোসেন চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওবায়দুল কাদের, মুকুল বোস, হাজী মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ছাড়াও আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে হাজার হাজার নারী-পুরুষ-জনতার মিছিলটি জাতীয় প্রেসক্লাব, শাহবাগ, এলিফ্যান্ট রোড, মিরপুর রোড হয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। তাদের দেওয়া স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকার রাজপথ।

মিছিলকারীরা জাতীয় ও দলীয় পতাকা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিসহ রঙবেরঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোষ্টার বহন করে। যন্ত্রী দলের ঢাক-ঢোল বাদ্য-বাজনা ও দলীয় শিল্পীদের গণসঙ্গীতের তালে তালে তারা নেচে-গেয়ে উৎসব মুখর করে তোলে রাজপথ।

মিছিলের শেষ ভাগে বেশ ক’টি ট্রাকে রক্ষিত কামান ও আগ্নেয়াস্ত্রের প্রতিকৃতি এবং মুক্তিযুদ্ধের ডামি সবার নজর কাড়ে।