সরকার পাহাড়ী ও বাঙ্গালিদের মাঝে বিভেদ তীব্রতর করেছে: ওবায়দুল
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন গত সাড়ে তিন বছরে সমঅধিকারের নামে বিএনপি-জামাত নেতৃত্বাধীন জোট সরকার পার্বত্য চট্টগ্রামে সুকৌশলে পাহাড়ী-বাঙ্গালিদের মাঝে বিভেদ তীব্রতর করেছে। পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি জেলায় তিন দিন ব্যাপী সাংগঠনিক সফর শেষে ঢাকা ফিরে এসে বৃহষ্পতিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বর্তমান সরকার। বরং শান্তি চুক্তিকে অকার্যকর করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
গত সাড়ে তিন বছরে খাগড়াছড়ি জেলায় আওয়ামী লীগের ৭ জন নেতাকে হত্যা ও শতাধিক নেতাকর্মীকে নির্যাতন করে পঙ্গু করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া জেলার কয়েক শত নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রধান বিরোধী দলের যুগ্ম সম্পাদক আরও বলেন, সাংবাদিকরাও পার্বত্য অঞ্চলে নিরাপদ নয়। জোট সরকারের গত সাড়ে তিন বছরে সেখানে অনেক সাংবাদিককে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।
