২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ মার্চ জিয়া স্বাধীনতা ঘোষণা করেন : বিএনপি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এ দাবি সামনে রেখে ৩৫ তম স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ১০ দিন ব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বিএনপি’র মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া নগরীর রমনা বটমূলে জাতীয় পতাকা উত্তোলন, রঙ্গীন বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা আওয়ামী লীগের রাজনীতি করছে তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয়। যুদ্ধের সময় তারা প্রতিবেশী দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল।

তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর গত ৩৪ বছরে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য এবঙ দারিদ্র দূরিকরণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করেছে।

তিনি যুদ্ধ পরবর্তী আওয়ামী শাসন এবং ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রতি আঙ্গুল নির্দেশ করে বলেন,“ আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি এবং দারিদ্র দূরীকরণে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছি। কিন্তু যুদ্ধ পরবর্তী অবস্থা থেকে এটা সম্পূর্ণ ভিন্ন।”

তিনি আরো বলেন, বিরোধী দল দেশ পুনর্গঠনে সহযোগিতা না করে হরতাল আহ্বান করে দেশে নৈরাজ্যের সৃষ্টি করছে।

পাট ও বস্ত্র মন্ত্রী শাহজাহান সিরাজ বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ শেখ মুজিবর রহমান গ্রেপ্তার হওয়া পর্যন্ত স্বাধীনতার ঘোষণা দেয়া হয় নি।  

তিনি আরো বলেন, ওই রাতে আমি শেখ মুজিবের সাথে ছিলাম বলে ভালোভাবে এই বিষয়টি জানি।

জিয়াউর রহমান ৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে তিনি দাবি করেন।

তবে তিনি দেশের স্বাধীনতা আন্দোলনকে বেগবান করতে ৬ দফা দাবি পেশ করার জন্য শেখ মুজিবর রহমানের প্রশংসা করেন। 

১৯৭৪ সালে দুর্ভিক্ষ সৃষ্টির জন্য আওয়ামী লীগের নিন্দা করে যুবদল সভাপতি বরকত উল্লাহ বুলু বলেন, এখন যারা আওয়ামী লীগের রাজনীতি করছে তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা না। তারা যুদ্ধ শরনার্থী, মুক্তযোদ্ধা না। তারা যুদ্ধে যায় নি। 

বিএনপি’র যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমরা কাউকে আমাদের প্রভু  করতে বা দেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করতে চাই না।”

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম এবং মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।