২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে মেনন এখন ‘নিমক হারাম’

রাশেদ খান মেনন ‘নিমক হারাম’! শাসক বিএনপি এবং সরকারের উচ্চ মহলে দেশের বাম আন্দালনের এই নামী নেতা এখন এই হিসেবেই পরিচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

অনেক মন্ত্রী এবং বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা বলছেন, ‘এমন অকৃতজ্ঞ ব্যক্তিকে শুধু নিমক হারাম বললে কম বলা হয়।’ এই নেতাদের মতে, বিএনপি সরকারের আগের আমলে তারা কী করেন নি রাশেদ খান মেননের জন্য! তাদের আগের আমলে মেনন যখন নিজ দলের সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে মরনাপন্ন, তখন সরকারি আয়োজনে চিকিৎসাই তাকে বাঁচিয়ে তোলে। অথচ এই নেতা এখন বিএনপির চির প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে সরকারের বিরুদ্ধে আন্দালন ও ষড়যন্ত্রে।

সাংবাদিকদের কাছে নাম প্রকাশ করতে চান না বিএনপির নেতারা। তবে তারা প্রকাশ্যেই মেননকে নিয়ে এ ধরণের আলোচনায় মত্ত হন। বিএনপি নেতাদের অনেকেই বলেন, রাশেদ খান মেননের মধ্যে সামান্যতম কৃতজ্ঞতাবোধ কাজ করলে তিনি বিএনপির বিরুদ্ধে সোচ্চার হতে পারতেন না।

তবে বিএনপি নেতাদের এই অভিযোগের কথা শুনেই তেলে-বেগুনে জ্বলে উঠেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক সাংসদ রাশেদ খান মেনন। একরাশ খেদ ঝেড়ে প্রশ্ন রেখে তিনি বলেন, “কোন ‘.......বাচ্চারা’ এ কথা বলে? তাদের আমার সামনে এসে বলতে বলুন। দেশবাসী কি জানেন না, সে সময় আমার চিকিৎসা খরচ কিভাবে হয়েছে? আমার পার্টির লোকেরা, ছাত্র সংগঠনগুলো সে সময় আমাকে বাঁচাতে গণচাঁদা সংগ্রহ করে।”

মেনন বলেন, ‘কোন সরকার আমার জন্য কী করেছে? যারা ওইসব আজেবাজে কথা বলে, তারা যা ইচ্ছে হয় বলুক। আমি কেয়ার করি না।’

বিগত বিএনপি সরকারের আমলে ১৯৯২ সালের ১৭ আগস্ট ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে আততায়ীর গুলিতে তৎকালীন সাংসদ মেনন গুরুতর আহত হন। প্রথমে তাকে ভর্তি করা হয় ঢাকার সিএমএইচে। পরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় লন্ডনে। বিএনপি সরকার তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নেবে বলে ঘোষণা করে।

তবে রাশেদ খান মেননের  পারিবারিক একটি সূত্রের দেয়া তথ্য আনুযায়ী, তার আপন ছোট ভাই, বিশিষ্ট শিল্পপতি শহীদুল¬াহ খান ওই সময় মেননের চিকিৎসার মূল খরচ যোগান। সূত্র মতে, মেননকে বাঁচিয়ে তুলতে তখন খরচ হয় প্রায় ২৫ হাজার পাউন্ড।

ষাট দশকের তুখোড় ছাত্র নেতা, তৎকালীন ছাত্র ইউনিয়নের মেনন গ্র“পের প্রধান রাশেদ খান মেননের নেতৃত্বে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় ওয়ার্কার্স পার্টি। এরশাদ সরকার বিরোধী এক দফার আন্দোলনে আওয়ামী লীগ, বিএনপি ও পাঁচ বাম দলের লিয়াজোঁ কমিটিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯১ সালের সংসদ নির্বাচনে বাউফল-উজিরপুরের আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি।