জেএমবি ১৭ আগস্ট বোমা হামলা করেছে অথচ এর দায়ভার ড. গালিবের কাঁধে চাপানো হয়েছে: আহলে হাদিস
আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ--এর ভারপ্রাপ্ত আমীর ড. মুহাম্মদ মুছলেহুদ্দীন বলেন, নিষিদ্ধ জেএমবি দেশব্যাপী ১৭ আগস্ট বোমা হামলা করেছে। অথচ এর দায়ভার আমাদের নেতা ড. গালিবের কাঁধে চাপানো হয়েছে।
তিনি বৃহস্পতিবার রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্টে আহলে হাদীস আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন।
তিনি বলেন, যারা বোমাবাজি করে তাদের সাথে আহলে হাদীস আন্দোলনের নেতাকর্মীদের কোনও সম্পর্ক নেই। বোমাবাজি করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না।
দেশব্যাপী অব্যাহত বোমা হামলা এবং আহলে হাদিসের প্রধান ড. গালীব ও অপর ১৪ জন নেতকর্মীর মুক্তিদের দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আহলে হাদিস, রাজশাহী জেলা সভাপতি আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-- দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা এসএম আবদুল লতিফ, দফতর সম্পাদক বাহারুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক আমীনুল ইসলাম, মাসিক আততাহরীক সম্পাদক ড. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন এবং দলের যুব সংঘের সভাপতি কাবীরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ।
আহলে হাদিস নেতৃবৃন্দ বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে ড. গালিব ও তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজশাহী শহর প্রদক্ষিণ করে।
