তৃতীয় শক্তির হাতে ক্ষমতা তুলে দিয়ে পালিয়ে বাঁচতেই সংঘাতের পথ বেছে নিয়েছে বিএনপি জামাত জোট : ১৪ দল
আওয়ামী লীগসহ ১৪ দল অভিযোগ করেছে, জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না জেনে বিএনপি জামাত জোট তৃতীয় শক্তির হাতে ক্ষমতা তুলে দিয়ে পালিয়ে বাঁচতে চায়।
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় আসতে দেবে না বলে জাতীয় সংকট সমাধানের পথে না গিয়ে সংঘাতের পথ বেছে নিয়েছে তারা । জোটের এই অপকৌশলের ব্যাপারে সচেতন থেকে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার এবং সরকার পতনের লক্ষ্যে রক্তচক্ষু উপেক্ষা করে মরণপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান ১৪ দল নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দল আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তারা এ আহ্বান জানান।
সম্প্রতি বিএনপি’র মহাসমাবেশ ও বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য এবং জামাতের মহাসমাবেশ থেকে প্রদত্ত বক্তব্যের জবাব ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির আলোকে নিজেদের অবস্থান তুলে ধরতে ১৪ দল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেন, প্রধানমন্ত্রী জঙ্গিদের নাটের গুরু জামাতের সঙ্গে যে কোন মূল্যে ঐক্য রক্ষার ঘোষণা দিয়ে রণরঙ্গিনী মূর্তি ধারণ করে বিরোধী দল তথা দেশবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর পদমর্যাদার সঙ্গে সঙ্গতিহীন শিষ্টাচার বর্জিত ভাষায় তিনি যে হুমকি দিয়েছেন, তাতে দেশের রাজনৈতিক ভবিষ্যতকে পরিকল্পিতভাবে সংঘাতের দিকে ঠেলে দেয়ার আশংকা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্র, সংবিধান, বিচার ব্যবস্থা ও আইনের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী বোমাবাজ খুনি সন্ত্রাসী জেএমবি’র জঙ্গিদের বিরুদ্ধে সরকার রাষ্ট্রদ্রোহ মামলা করেনি। অথচ সরকারের অন্যায় অত্যাচার দু:শাসনের প্রতিবাদ করায় এবং সাংবিধানিক পন্থায় জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানানোর ‘অপরাধে’ বিরোধী দলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার হুমকি দিয়ে খালেদা জিয়া এক ঢিলে দুই পাখি মারার কৌশল গ্রহণ করেছেন।
আব্দুল জলিল বলেন, বিএনপি জামাত জোট সরকারই যে জঙ্গিবাদের আসল মদদদাতা তা আজ প্রমাণিত। বোমাবাজরা নিজেই বলছে তাদের সঙ্গে জামাত জড়িত। কিন্তু প্রধানমন্ত্রী এবং বিএনপি ও জামাতের নেতারা জঙ্গিবাদের বিরুদ্ধে বিরোধী দলের আন্দোলনকে তাদের ঐক্য ভাঙ্গার ষড়যন্ত্র বলে আখ্যায়িত করছেন।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী জামাতের সঙ্গে বিএনপির অশুভ আঁতাত নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই। কিন্তু আমরা চিন্তিত -- এই আঁতাতের ফলে উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদের উত্থান দেশের সামনে যে বিপদ ঘনিয়ে তুলেছে এবং শান্তি, স্বাধীনতা, নিরাপত্তা, গণতন্ত্র ও দেশের ভবিষ্যতকে বিপন্ন করেছে তুলেছে, তা নিয়ে। এ অবস্থা সৃষ্টির জন্য দায়ি বিএনপি জামাত চক্রকে দেশবাসী অবশ্যই একদিন কাঠগড়ায় দাঁড় করাবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, জাসদ’র কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পদক দিলীপ বড়–য়া, ওয়ার্কার্স পার্টি সম্পাদক বিমল বিশ্বাস, গণআজাদী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
