জামায়াতে ইসলামী কোন ইসলামী দল নয়: চরমোনাই পীর
চরমোনাইয়ের পীর সৈয়দ ফজলুল করীম জামায়াতে ইসলামীকে প্রতারক হিসেবে অভিহিত করে বলেছেন, জামায়াত কোন ইসলামী দল নয়। বিগত ৬০ বছরে তারা কোন সুন্নাহ্ ভিত্তিক আইন প্রণয়নের উদ্যোগ নেয়নি।
কুড়িগ্রামে অবস্থানরত চরমোনাই পীর মাওলানা সৈয়দ ফজলূল করীম শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, চার দলীয় জোট সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, সন্ত্রাস মুক্তদেশ গড়া, দুর্নীতি রোধ এ ধরনের মূল ইস্যুগুলো যা তাদের মেনিফেস্টোতে ছিল সবগুলোতেই জোট সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, এমনকি আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে জামাত জোট সরকারে যোগ দিয়েও সুন্নাহ ভিত্তিক আইন প্রণয়নে তারা কোনও উদ্যোগ নেয়নি। এটা স্রেফ তাদের প্রতারণা। আমি আগেও চ্যালেঞ্জ দিয়েছি, এখনও দিচ্ছি জামায়ত যদি প্রমাণ করতে পারে তারা ইসলামী দল, তাহলে আমি তাদের দলে যোগ দিব। আর প্রমাণ করতে না পারলে তওবা করে ছহি ইসলামী দলে ফিরে আসতে বলব।
তিনি আরও বলেন, জোট সরকার সবক্ষেত্রে ব্যর্থ। তারা ক্ষমতায় এসে ইসলামের কোন উপকার হয়নি। এছাড়া ভোটার তালিকা প্রণয়ন সম্পর্কে তিনি বলেন, আমি বর্তমান নির্বাচন পদ্ধতিকে সমর্থন করিনা। কারণ এতে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটেনা। অর্থের খেলা চলে, আর পেশী শক্তি ও ভোট কেন্দ্র দখল করে নিয়ে ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়।
আগামী নির্বাচনে কার সংগে জোট করবেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসলাম ও দেশের স্বার্থে যার সাথে জোট করা দরকার, তার সাথেই জোট করব। তবে সরকার এখনও জোটে আসার জন্যে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি।
কওমী মাদ্রাসার বিরুদ্ধে প্রচারণাকে তিনি ইসলামকে দেশ থেকে বিতাড়ন করার চক্রান্ত বলে জানান। তবে তিনি বলেন, কওমি মাদ্রাসা জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত প্রমাণিত হলে, ব্যবস্থা গ্রহণে তার কোন আপত্তি নেই।
জঙ্গি হামলায় কারা জড়িত- এ প্রশ্নের জবাবে ফজলুল করীম বলেন, এর সাথে বিদেশী চক্র জড়িত। এছাড়া জামায়াত এর সাথে জেএমবি’র সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও তিনি ধারনা করেন। তার মতে, সরকারের আন্তরিকতার অভাবে দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটেছে।
