২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার সংকট নিরসনের দাবিতে সারা দেশে কৃষক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সার আমদানির জন্যে ভর্তুকি প্রদান নিয়ে সরকারের খামখেয়ালিপনা এবং তুঘলকি কাণ্ডের ফলে সারের বাজারে সৃষ্ট সংকট নিরসনের দাবিতে জাতীয় কৃষক জোট বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলা--উপজেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটি বিকেল ৩টায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে জিপিও’র সামনে সমাবেশ করে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি ইকবাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, কৃষক জোট নেতা আবুল হোসেন, সারওয়ার কামাল, বিমল চন্দ্র বিশ্বাসসহ কৃষক নেতৃবৃন্দ। সমাবেশে সংহতি জ্ঞাপন করে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, শ্রমিক জোটের সহ--সাধারণ সম্পাদক কাজী সিদ্দিকুর রহমান, ছাত্রলীগ সভাপতি শফিকুল কবির স্বপন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বাজেটে সারের জন্যে বরাদ্দ ভর্তুকির টাকা মন্ত্রী আমলা ও সার আমদানিকারকরা ভাগবাটোয়ারা করে নিজেদের পকেটে ঢোকানো নিয়েই সারের বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। বক্তারা সারের বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টিকারীদের বিচার দাবি করেন।

তারা আরও বলেন, আগামী দু’একদিনের মধ্যে সারের জন্য প্রদত্ত ভর্তুকি ছাড় করা না হলে আলুসহ বোরো মৌসুমের কোন ফসলই আবাদ করা সম্ভব হবে না। তারা মন্ত্রী--আমলা--সার আমদানিকারক সিন্ডিকেটের কবল থেকে সার ব্যবসা উদ্ধার এবং বিএডিসি’র হাতে আমদানি, বিতরণ ও বিপণনের দায়িত্ব দেওয়ার দাবি জানান।