বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাষ্ট্রদ্রোহিতার দায়ে ব্যবস্থা নেওয়া হবে: মহাসমাবেশে প্রধানমন্ত্রী, আপডেট
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বলেছেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা থেকে বিরত থাকুন। সঠিক পথে ফিরে আসুন, নইলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।
পল্টন ময়দানে বুধবার বিকেলে বিএনপি আয়োজিত মহাসমাবেশে সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন। দেশব্যাপি অব্যাহত বোমা হামলা, নৈরাজ্য ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এ মহাসমাবেশের ডাক দেওয়া হয়।
মহাসমাবেশ উপলক্ষে সকাল ১০ থেকে পল্টন ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের স্বনামধন্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। ফলে সকাল থেকেই সেখানে লোক সমাগম শুরু হয়। দুপুরের মধ্যে কড়া পুলিশ পাহারায় সমাবেশস্থল ও আশেপাশের এলাকায় বন্ধ করে দেওয়া হয় যানবাহন চলাচল। ঐতিহাসিক পল্টন ময়দান এলাকা পরিনত হয় জনসমুদ্রে।
প্রধানমন্ত্রী প্রায় ৪০ মিনিটের ভাষনে বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বলেন, আগামী নির্বাচনে ভরাডুবি জেনে তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু তাদের সে চেষ্টা সফল হবে না। ষড়যন্ত্র ও ধ্বংসের পথ ছেড়ে উন্নয়নের পথে আসুন। নইলে আজীবন পথে পথে ঘুরতে হবে। তাদের সাথে মানুষ নেই। যতই জোট বা মহাজোট করুক, ফল হবে শুন্য।
তিনি বলেন, বর্তমান প্রক্রিয়াতেই নিবাচন হবে। নির্বাচনে অংশ নিন। জনগণ যদি আপনাদের ম্যান্ডেট দেয়, তবে আপনারা ক্ষমতায় যাবেন। নির্বাচন প্রতিহত করার হুমকি দিয়ে লাভ নেই। নির্বাচন রুখে দেওয়ার মতো শক্তি আপনাদের নেই।
প্রধানমন্ত্রী আগামী নির্বাচনও জোটবদ্ধভাবে করার ইঙ্গিত দিয়ে বলেন, দেশের উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা দরকার। এ জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের থেকে আমি অনেক পেয়েছি। আমার আর চাওয়া -- পাওয়া বা হারাবার কিছু নেই। আমাদের দেওয়ার আছে। আমি এখন আপনাদের দিতে চাই।
তিনি বলেন, দেশ, গণতন্ত্র ও ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জাতীয়তাবাদি ও ইসলামী শক্তির ঐক্য হচ্ছে। দেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে। এ ঐক্যকে সমুন্নত রাখতে হবে। ষড়যন্ত্রকারীদের পরিহার করে আগামী নির্বাচনে আবারো জাতীয়তাবাদি শক্তিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।
খালেদা জিয়া বলেন, বোমা সন্ত্রাস এ সরকার আমলে শুরু হয়নি। আগের সরকার আমলে শুরু হওয়া বোমা সন্ত্রাস এখন আবার নতুন করে শুরু হয়েছে। বিগত সরকার আমলে কোনো বোমাবাজির ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেওয়া হয়নি। তখন একে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এভাবে বোমাবাজদের তারা সংগঠিত করেছে।
তিনি বলেন, বোমাবাজি করে সরকারের পতন ঘটানো যাবে না। মানুষ হত্যা করে কেউ বেহেস্তে যায় না। ইসলামে মানুষ হত্যা বা আত্মহত্যাকে নিষিদ্ধ করা হয়েছে। যারা ইসলামের নামে বোমাবাজি ও মানুষ হত্যা করছে, তারা সন্ত্রাসী। তারা দেশ, জাতি, ইসলাম, গণতন্ত্র ও উন্নয়নের শত্র“। তাদের প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী জাতীয় সংলাপে যোগ না দেওয়ায় বিরোধী দলের সমালোচনা করে বলেন, অনেকে সংলাপে এসেছে। তাদের পরামর্শ নেওয়া হয়েছে। আসলেও সংলাপ সফল হচ্ছে। কিন্তু যে বিরোধী দল সরকারের চিঠি গ্রহণ করে না, তারা কি জনগণের জন্য রাজনীতি করে?
প্রধানমন্ত্রী বোমাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইমাম ও আলেম সমাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতি শুক্রবার আপনাদের এ ব্যাপারে সাধারণ মানুষকে শিক্ষা দিতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী সাইফুর রহমান, আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, কেএম ওবায়দুর রহমান, খন্দকার মাহবুব উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি ও বন মন্ত্রী তরিকুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক, পূর্তমন্ত্রী মির্জা আব্বাস, সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান, মেয়র সাদেক হোসেন খোকা, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, শ্রম প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
