২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি আইনজীবীদের একাংশ চায় কাউন্সিল, অপর অংশ নির্বাচন

ক্ষমতাসীন বিএনপি’র আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) একাংশ চায় কাউন্সিল এবং অপর অংশ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 04:22 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপিপন্থি আইনজীবীদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন অংশটি ২০০৬ সালের ৭ জানুয়ারি কাউন্সিল আয়োজন করবে।

তারা জানায়, একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বিজেএএফ কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

দুইদিনের ওই কাউন্সিলের উদ্বোধনী দিনে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সূত্র দাবি করেছে। বিজেএএফ’র একাংশের আইনজীবী টিএইচ খান কাউন্সিলে সভাপতিত্ব করবেন।

বিজেএএফ’র একাংশের সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাইদুর রহমান কাউন্সিল অনুষ্ঠানের তারিখ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে তিনি বলেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের কাউন্সিলররা অংশ নেবেন।

তিনি বলেন, সরকারি কৌঁসুলি ও বিএনপি সমর্থক আইনজীবীরা কাউন্সিলে অংশ নেবেন।

এদিকে যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন বিজেএএফ’র অংশটি একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ১৯ জানুয়ারি নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে।

নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অ্যাড. মাহবুবুর রহমান এমপিকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

নাজমুল হুদার নেতৃত্বাধীন অংশের নির্বাচন সম্পর্কে আইনজীবী সাইদুর রহমান বলেন, অ্যাড. টিএইচ খান ও ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন বিজেএএফ’র কাউন্সিলে তথাকথিত নির্বাচন কোনও প্রভাব ফেলতে পারবে না।