২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষুব্ধ মানুষের দৃষ্টি ফিরিয়ে ক্ষমতা আঁকড়ে রাখতে জোট জঙ্গি হামলা চালাচ্ছে, মদদদাতাদের তালিকা করুন: হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবারও সরকারের বিরুদ্ধে জঙ্গিবাদের মদদদানের অভিযোগ এনে বলেছেন, দেশ চালাতে ব্যর্থ বিএনপি জামাত জোট বিক্ষুব্ধ মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতেই জঙ্গি হামলা চালাচ্ছে। ভোট পাবে না বলে মানুষ হত্যা ও দেশবাসীকে আতংকগ্রস্ত করে তারা ক্ষমতা আঁকড়ে রাখতে চায়।

রয়টার্স

নিজস্ব প্রতিবেদক

রয়টার্স

Published : 17 Dec 2005, 06:48 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

শনিবার ঢাকায় এক আলোচনা সভায় জঙ্গি ও জোট সরকারের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওরা দেশ, জাতি ও স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জঙ্গি বোমাবাজ ও এদের মূল মদদদাতাদের খুঁজে বের করে তাদের তালিকা প্রস্তুত করতে হবে।

শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পরাজিত শক্তির দোসররা আজ রাষ্ট্র ক্ষমতায়। ওদের হাতে মহান মুক্তিযুদ্ধের রক্তাক্ত পতাকা। তারা মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাস মুছে ফেলছে। দুর্নীতি করে দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করছে। মুনাফা লুটতে দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষকে শোষণ করছে। অন্যদিকে দেশের সাধারণ মানুষ আজ অবহেলিত। ধুঁকে ধুঁকে মরছে তারা।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য কমান। বোমাবাজি বন্ধ করুন। দেশের মানুষকে রেহাই দিন। আর কত শোষণ করবেন দেশবাসীকে? আপনি আর আপনার দোসর জামাতের হাত থেকে মানুষ মুক্তি চায়।

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ভবন চত্বরে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগ আয়োজিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমান এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, আইনজীবী নেতা ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফ, ওবায়দুল কাদের, মুকুল বোস, আসাদুজ্জামান নূর এমপি, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মুক্তিযুদ্ধ এবং পরবর্তী ঘটনাপ্রবাহের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে জিয়াউর রহমান মার্শাল ল’ জারি করে অস্ত্রের মুখে ক্ষমতা দখল করে। আর ক্ষমতায় এসেই স্বাধীনতার পরাজিত অপশক্তিকে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠা এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ হাজার হাজার মানুষকে হত্যা করে।

তিনি বলেন, জিয়া যেভাবে ক্ষমতা কুক্ষিগত রাখতে মানুষ হত্যা করেছিল, তার স্ত্রী খালেদা জিয়াও সেভাবে নির্বিচারে মানুষ হত্যা করছে। কোনও শ্রেণী পেশার মানুষই রেহাই পাচ্ছে না ওদের হাত থেকে। ওদের আঘাতে জর্জরিত দেশের সর্বস্তরের মানুষ। তাই অত্যাচারি জোট দুঃশাসনের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম এগিয়ে নিতে হবে।

আলোচনা সভা শেষে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।