২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলম্বে জোট সরকারের পদত্যাগ দাবি করেছেন ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ

উগ্র মৌলবাদী জঙ্গিদের মদদদান এবং অব্যহত দূর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে অবিলম্বে জোট সরকারের পদত্যাগ দাবি করেছেন ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ। শুক্রবার খুলনা সার্কিট হাউজ ময়দানের বিশাল জনসমুদ্রে ভাষনদানকালে নেতৃবৃন্দ এ দাবি করেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2005, 07:16 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

শিল্প নগরী খুলনায় ১৪ দলের মহাসমাবেশকে কেন্দ্র করে সার্কিট হাউজ ময়দান উপচে পরে এর পশ্চিম দিকে লোয়ার যশোর রোড, শহীদ হাদিস পার্ক, ডাকবাংলা মোড় এবং শিববাড়ী মোড় পর্যন্ত দুই কিমি এলাকা জুড়ে জনস্রোত বি¯তৃত হয়। এছাড়া পূর্ব দিকে কাষ্টম ঘাট, উত্তরে হাজী মহসীন রোড, আহসান আহমেদ রোড, দক্ষিণ দিকে কোর্ট রোড, ষ্টেডিয়াম, কেডি ঘোষ রোড এবং জেল খানা ঘাট এলাকায়ও জনতার ভীড় লক্ষ করা যায়। এ সকল এলাকার মানুষ নেতৃবৃন্দের ভাষন শোনার জন্য দুপুর থেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল।

খুলনা বিভাগীয় এ মহাসমাবেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এই জঙ্গি সন্ত্রাসী সরকারে সাথে কোন সংলাপ ১৪ দল করবেনা। ব্যর্থতা ঢাকার জন্য সংলাপের নাটক করে কোন লাভ হবেনা। অবিলম্বে খালেদা জিয়াকে পদত্যাগ করতে হবে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি বলেন, রাজাকার ও স্বৈরাচার সরকার জঙ্গীবাদ ও সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। বাংলার ১৪ কোটি মানুষকে সাথে নিয়ে এদের প্রতিহত করা হবে।

সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, রাজাকারমুক্ত বাংলা গড়ার এ সংগ্রামে সকলকে এখনই ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেন, সরকার এসপি, টিএনওসহ সকল ক্ষেত্রে দলীয়করণের সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জঙ্গিবাদের দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। সরকারি মদদে জামায়াত ইসলামের সম্পৃক্ততায় জঙ্গিরা একের পর এক দেশে বোমা হামলা চালাচ্ছে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বোমা হামলার কারণে দেশের আইন, বিচার, গণতন্ত্র ও ধর্ম আজ বিপন্ন। জঙ্গিবাদের বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।

গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম বলেন, রাজাকার আল--বদর, আল--শামসদের দেশের বিভিন্ন সেক্টরে বসিয়ে দিয়ে দেশকে পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে। আর তার মদদদাতা হচ্ছে বিশেষ বহুজাতিক কোম্পানিগুলো।

গণ আজাদীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল সামাদ বলেন, চারদলীয় জোট ভাওতাবাজীর বুলি ও ধোকাবাজী দিয়ে ক্ষমতায় এসে এখন মানুষ খুন করছে।

গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি তোফাজ্জেল হোসেন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ১৪ দলের মহাসমাবেশে যোগ দিয়ে বাংলার মানুষ আপনাকে লাল কার্ড দেখিয়েছে। এখনই ক্ষমতা থেকে বিদায় নিন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত, মোহাম্মদ নাসিম, ওবায়দুল কাদের, গণফোরামের অ্যাডঃ জহিরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস, জাসদের শরীফ নুরুল আম্বিয়া, রবিউল আলম, ন্যাপ’র অ্যাডঃ এনামুল হক, কমিউনিষ্ট ফোরামের অসিত বরন রায়। মহাসমাবেশ পরিচালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান।