জঙ্গি দমনে সরকারের অনীহা ও সংলাপের নামে কালক্ষেপণ অশুভ শক্তিকে সংগঠিত হতে সুযোগ দিচ্ছে: হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের ইচ্ছেকৃত অনীহার কারণেই দেশজুড়ে প্রতিদিন নিরীহ মানুষ বোমা হামলার শিকার হচ্ছে।
তিনি বলেন, জঙ্গি দমনে যখন সরকারের জোর তৎপরতা প্রয়োজন, তখন তারা সংলাপ ও আলোচনার নাটক করে কালক্ষেপণ করছে। অশুভ শক্তিকে আরও সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে নেত্রকোনায় উদীচী কার্যালয়ে বোমা হামলা চালিয়ে আটজনকে হত্যার ঘটনাকে ঘৃণ্য, মানবতা ও ইসলামবিরোধী বলে অভিহিত করে শেখ হাসিনা বলেন, জোট সরকারের ভেতরে থাকা জঙ্গিবাদের মদদদাতাদের বিচারের সম্মুখীন না করলে এ বর্বরতার শেষ হবে না।
তিনি বলেন, সরকারের দায়িত্বই হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া, সন্ত্রাস, বোমা হামলা বন্ধ করা। কিন্তু দেশে পুলিশ, প্রশাসন, র্যাব, চিতা, কোবরা-- সবকিছু থাকার পরেও শুধু সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার অভাবে দেশ জঙ্গি সন্ত্রাসীদের কসাইখানায় পরিণত হয়েছে।
বিরোধী দলীয় নেতা বলেন, ‘অতীতের যে কোনও সময়ের চেয়ে বর্তমান পরিস্থিতি অনেক ভালো’-- স্বরাষ্ট্রমন্ত্রীর এই আস্ফালনের ১২ ঘন্টার মধ্যেই তিনি নিজে যে জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সেই নেত্রকোনায় বোমা হামলাই কি তাদের কথিত ভালো পরিস্থিতি? নাকি তারা দেশকে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই রাখতে চায়?
তিনি বলেন, বিএনপি মহাসচিব দু’মাসের মধ্যে জঙ্গি সন্ত্রাস থেমে যাবে বলে বক্তব্য দিয়েছেন। তার মানে, তিনি সমাধানের পথ জানেন। তাহলে সরকার আজই কেন বোমা হামলা বন্ধ করছে না? তার বেঁধে দেওয়া দু’মাসে আর কত মায়ের বুক খালি, কত সন্তান এতিম এবং কত নারী বিধবা হলে মান্নান ভুঁইয়া সাহেবরা বোমাবাজি বন্ধ করবেন?
শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট রাজনীতিতে ধর্মকে ব্যবহার করার মাধ্যমে দেশে উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসের ফ্রাংকেনস্টাইনের দৈত্যের জন্ম দিয়েছে। এর কবল থেকে বিচারক, পুলিশ, আইনজীবী, সরকারি কর্মকর্তা, সংস্কৃতিসেবীসহ কেউই রেহাই পাচ্ছে না। রাষ্ট্র ও সংবিধানের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করার দুঃসাহস দেখাচ্ছে।
আওয়ামী লীগ প্রধান বলেন, মহান বিজয়ের মাস ডিসেম্বরে উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসীরা বিজয় দিবস উদযাপনের বিরুদ্ধে হুমকি দিয়েছে। এদের সাথে অভিন্ন সুরে জামাত নেতারা বলছেন, দেশে নাকি একাত্তরের মত অবস্থা নেই।
তিনি বলেন, এটি আজ দেশবাসীর কাছে পরিষ্কার যে, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামাত ও বিএনপির মধ্যে লুকিয়ে থাকা আলবদর--রাজাকাররাই জঙ্গিদের ভিন্ন নামে মাঠে নামিয়েছে। নিরীহ মানুষকে জীবন দিয়ে জোট সরকারের জঙ্গি লালন নীতির মাশুল দিতে হচ্ছে। অথচ, সরকারি দলের মন্ত্রী এমপিদের গায়ে আঁচড়ও পড়ছে না।
শেখ হাসিনা অবিলম্বে বোমা--গ্রেনেড হামলা ও জঙ্গি কার্যক্রম বন্ধ করে দেশবাসীকে শান্তি দেওয়ার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি নেত্রকোনায় বোমা হামলায় নিহতদের বিদেহী আতœার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
