জমি দখল মামলায় জলিলের আগাম জামিন লাভ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে রাজউকের দায়ের করা জমি দখল মামলায় হাইকোর্ট সোমবার পুলিশ রিপোর্ট না পাওয়া পর্যন্ত আগাম জামিন দিয়েছেন।
আব্দুল জলিলের দায়ের করা একটি পিটিশনের শুনানি শেষে বিচারপতি এমএ রশিদ ও বিচারপতি এটিএম ফজলে কবির সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত একই সাথে আবেদনকারীকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তার কারণ দর্শানোর নির্দেশ দিয়ে সরকারের প্রতি একটি রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আব্দুল জলিল সোমবার সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান।
রাজধানী উন্নয়ন কর্পোরেশনের (রাজউক) সহকারি পরিচালক রফিকুল ইসলাম সরকার ১৭ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ কয়েকজনের বিরুদ্ধে মতিঝিল থানায় জমি দখলের মামলা দায়ের করেন।
মামলার বিবরণে বলা হয়, গুলশানের মুশতারী বেগম নামে এক ব্যক্তির সহায়তায় মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আবদুল জলিল এবং অজ্ঞাত আরও বেশ কয়েকজন কর্মকর্তা ভুয়া কাগজপত্র তৈরি করে গুলশান এভিনিউর সি ব্লকের ৩ নম্বর প্লটটি দখলের পাঁয়তারা করেন।
এর আগে মুশতারী বেগম আব্দুল জলিলের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেছিলেন। পরবর্তীকালে ১৫ নভেম্বর আব্দুল জলিল ওই মামলায় আগাম জামিন লাভ করেন। রাজউকের দায়ের করা ভূমি দখল মামলায় মুশতারী বেগমকেও অভিযুক্ত করা হয়।
মুশতারী বেগমের দায়ের করা মামলায় তিনি নিজেকে ওই জমির মালিক দাবি করেন। তিনি অভিযোগ করেন, ২ নভেম্বর ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তিসহ আব্দুল জলিল তার বাসায় গিয়ে ওই প্লটটি বিক্রি করে দেওয়ার জন্যে তার ওপর চাপ সৃষ্টি করেন।
এদিকে রাজউকের অভিযোগ, এ কাণ্ড করে মুশতারী বেগম ওই প্লটটি দখলের চেষ্টা চালাচ্ছে।
আবেদনকারীর আইনজীবীরা আদালতকে বলেন, রাজনৈতিক দিক থেকে হয়রানি করার জন্যে উদ্দেশ্যমূলকভাবে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
আবেদনকারীর পক্ষে আদালতে পিটিশনটি পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট মাহবুবে আলম, অ্যাডভোকেট সাহারা খাতুন, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন সেলিম ও অ্যাডভোকেট আজহেরুল ভূঁইয়া।
