২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাবাজরা ভুল পথে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে : বায়তুল মোকাররম মসজিদের খতিব

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা ওবায়দুল হক বলেছেন, যারা বোমা মেরে মানুষ হত্যা করছে, তারা ভুল পথে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

শুক্রবার জুম্মার নামাজের পর মোনাজাত করার সময় তিনি বলেন, এভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না।   

ওবায়দুল হক বোমা হামলার সমালোচনা করে বলেন, যারা ইসলামের নামে বোমা হামলা করছে তারা মুলতঃ ইসলামের ক্ষতি করছে।

ঝালকাঠিতে নিহত দুই বিচারকসহ সারা দেশে বোমা হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং এখানে সহিংসতার কোনও স্থান নেই। 

তিনি আরও বলেন, অনুমান করে কারও নামে বদনাম করা ইসলাম সমর্থন করে না।

কোনও মহলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ইসলাম একে অপরকে দোষারোপ করার প্রবণতা শিক্ষা দেয় না। যারা এই কাজ করছে আল্লাহ তাদেরকে সত্য অনুসন্ধানের ক্ষমতা দিন।

এ সময়ে বায়তুল মোকাররম এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনও অপ্রিতীকর ঘটনা এড়াতে পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা নিয়োজিত ছিল।

অন্যদিকে বোমা হামলার প্রতিবাদে হিজবুত তাহরি ও ইসলামিক শ্রমিক সমাজ বোমা হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করে।

তারা বোমাবাজদের সমালোচনা করেন এবং জনগণের প্রতি ইসলামী দলগুলোর শান্তিপূর্ণ কার্যক্রম সম্পর্কে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।