২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার বক্তব্য বোমাবাজদের সাথে বিএনপির সম্পৃক্ততারই স্বীকারোক্তি: আ. লীগ

‘আগামী দু’মাসের মধ্যে বোমা হামলা শেষ হয়ে যাবে’-- মান্নান ভূঁইয়ার এমন বক্তব্যকে রহস্যজনক এবং বোমাবাজদের সাথে বিএনপির সম্পৃক্ততারই স্বীকারোক্তি বলে অভিহিত করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 05:31 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বোমা হামলার সাথে বিএনপির  সম্পৃক্ততা রয়েছে--  এমন অভিযোগ করে বুধবার এক বিবৃতিতে বলেন, সরকারি দলের মহাসচিব ও একজন সিনিয়র মন্ত্রী হিসেবে মান্নান ভূঁইয়া যখন বোমা হামলা শেষ হওয়ার সময়সীমা নির্ধারণ করে দিলেন, তখন মানুষ বুঝতে পারে, হামলার শুরুটাও তাদের নির্দেশেই হয়েছিল।

ওবায়দুল কাদের বলেন, মান্নান ভূঁইয়া সাহেবের এমন বক্তব্য প্রমাণ করে, সরকারের গ্রিন সিগন্যাল পেয়েই জঙ্গিরা বোমা হামলা করেছে।

তিনি বলেন, সার্ক সম্মেলন চলাকালে দেশে কোনও ধরনের বোমা হামলা হয়নি। এতে বোঝা যায, সরকার চাইলেই এ হামলা বন্ধ রাখতে পারে।

তিনি বলেন, মান্নান ভূঁইয়া সাহেব যদি জেনেই থাকেন দুমাসের মধ্যেই হামলা শেষ হবে, তাহলে তিনি কেন এখনই এটি বন্ধ করছেন না? আগামী দু’মাসে কতো শিশুকে এতিম করে, কত মহিলাকে বিধবা করে তারা জঙ্গিবাদের লাগাম টানবেন, তা জাতি জানতে চায়। 

তিনি বলেন, র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর ক্রসফায়ার যখন স্বাভাবিক ব্যাপার, তখন সন্ত্রাসী বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী মাহতাব  খামারুকে র‌্যাব গ্রেপ্তারের পর কেন আবার সসম্মানে বাড়ি পৌঁছে দিল। এ ঘটনা প্রমাণ করে, সরকারের  সর্ব্বোচ্চ মহল জঙ্গি লালন করছে।

তিনি বলেন, জঙ্গিবাদের কবল থেকে মুক্তি পেতে সাম্প্রদায়িক সন্ত্রাসের মূল মদদদাতা ও দুর্নীতিবাজ সরকারের পতনের লক্ষ্যে দল মত নির্বিশেষে সবাইকে আন্দোলন জোরদার করতে হবে।