২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন বুধবার, উদ্বেগ ও উৎকণ্ঠা

উদ্বেগ উৎকন্ঠার মধ্যদিয়ে বুধবার অনুষ্ঠিত হবে নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন। পুলিশ  প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার আশ্বাস দেয়া হলেও চট্টগ্রাম ও গাজীপুরে মঙ্গলবারের বোমা হামলার কারণে প্রার্থী ও ভোটারদের মাঝেও আতংক বিরাজ করছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সমিতির ১৫ টি পদের জন্য সকাল ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ২৮৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এবারের নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী পরিষদের যৌথ উদ্যোগে গঠিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি ও সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান সভাপতি এডভোকেট চিত্ত রঞ্জন রায় চৌধুরী এবং বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট মহিব উল্যা। চারদলীয় জোট সমর্থিত প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সাবেক সভাপতি এডভোকেট এ বি এম জাকারিয়া ও তাজুল ইসলাম প্রার্থী হয়েছেন। এ দুই প্যানেলের বাইরে আওয়ামীলীগ, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা মিলে নাগরিক কমিটির ব্যানারে একটি প্যানেল দিয়েছে। এ প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চাটখিল  থেকে নির্বাচিত বিএনপির সাবেক সংসদ সদস্য এডভোকেট সালাহ উদ্দিন কামরান ও এডভোকেট এ টি এম করিম প্রার্থী হয়েছেন। ১৫টি পদের জন্য এ প্যানেল থেকে ৯টিতে প্রার্থী দেয়া হয়।

মঙ্গলবার বিকালে আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট চিত্ত রঞ্জন রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এ টি এম মহিব উল্যা প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান পিপিএম’র সাথে সাাৎ করলে তিনি প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের আশ্বাস দেন বলে সমিতি সুত্রে জানা গেছে।্

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে পুলিশ সুপার বলেন, সারাদেশে আদালতগুলোতে এমনিতেই নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এর বাইরে যেহেতু আইনজীবী সমিতির নির্বাচন তাই বাড়তি নিরাপত্তা নেয়া হবে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।

তবে শংকিত আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট চিত্ত রায় চৌধুরী জানান, যেহেতু পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে গাজীপুর এবং চট্টগ্রামে আদালতে হামলা হয়েছে তাই স্বাভাবিক কারণেই আইনজীবীদের মধ্যে আতংক রয়েছে।