চবি ছাত্রলীগ কর্মীদের হাতে ট্রেনচালক আটক থাকায় চার ঘন্টা রেল ও সড়ক যোগাযোগ বন্ধ
প্রধান বিরোধী দল আওয়ামীলীগ সমর্থিত ছাত্রলীগ কর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্ট কালের জন্যে অবরোধ কার্যকর করার লক্ষ্যে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের এক চালককে ধরে নিয়ে চার ঘন্টা আটক করে রাখে। এসময় রেল ও সড়ক যোগাযোগ বন্ধ থাকে।
পুলিশ সূত্র জানিয়েছে, ছাত্রলীগ কর্মীরা সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনকে নগরীর অক্সিজেন এলাকায় জোরপূর্বক থামিয়ে এর ড্রাইভার আনোয়ার হোসেনকে তুলে নিয়ে যায়। আনোয়ার হোসেনকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নগরীর উপকন্ঠে নন্দির হাট এলাকায় আটক করে রাখা হয়।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ট্রেন চলাচল চার ঘন্টা বন্ধ থাকে।
ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে শাটল ট্রেনের বিক্ষুব্ধ্ ছাত্ররা অক্সিজেন এলাকায় চট্টগ্রাম-- রাঙ্গামাটি সড়ক অবরোধ করে রাখে। ফলে এ সড়কে চলাচলকারী বিভিন্ন ধরনের শত শত যানবাহন চার ঘন্টা আটকা পড়ে থাকে।
ছাত্রলীগ কর্মীরা ট্রেনের চালক আনোয়ার হোসেনকে ছেড়ে দিলে পৌনে ১টায় অক্সিজেন এলাকায় আটকে পড়া ট্রেনটিকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ছাত্রলীগ নেতাসহ ছাত্রদের সাথে পুলিশ কর্মকর্তাদের আলোচনার ভিত্তিতে চট্টগ্রাম--রাঙ্গামাটি সড়কের অবরোধ তুলে নেয়া হলে যানবাহন চলাচল শুরু হয়।
সাবেক উপ--উপাচার্য ড. আবু ইউসুফ আলমসহ প্রগতিশীল শিক্ষকদের কক্ষ ভাংচুরকারী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতির অবমাননাকারীদের শাস্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্যে অবরোধ পালন করছে।
